দিল্লি — ভারত এবং ইটালির সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই বার্তা দিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে যৌথভাবে লেখা একটি উত্তর সম্পাদকীয় প্রকাশ করে।
সামাজিক মাধ্যম এক্স-এ সেই সম্পাদকীয় সকলের সঙ্গে ভাগ করে নেন প্রধানমন্ত্রী। সেখানে ভারত-ইটালি দ্বিপাক্ষিক সম্পর্ক কী ভাবে ধীরে ধীরে আরও গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্তরে পৌঁছেছে, তা তুলে ধরা হয়েছে।
মোদী জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক এখন ‘বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’-এ উন্নীত হয়েছে। এই সম্পর্কের ভিত্তি হল উদ্ভাবন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্পর্কে সমান দৃষ্টিভঙ্গি।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন, ‘ভারত-ইটালির মধ্যে সম্পর্ক কী ভাবে এক নির্ণায়ক স্তরে পৌঁছেছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে একটি উত্তর সম্পাদকীয় লিখেছি। উদ্ভাবন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ ভাবনার উপর ভিত্তি করেই আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে ভারত এবং ইটালির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রগুলিতে সম্পর্ক আরও মজবুত হয়েছে। সেই প্রেক্ষিতেই এই যৌথ সম্পাদকীয়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কৌশলের অংশ হিসেবেই ইটালির সঙ্গে এই ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। একই সঙ্গে বিশ্ব রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের প্রশ্নেও দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।
