27 C
Kolkata
October 3, 2026
রাজ্য

ফলতায় পুনর্ভোটে কড়া নজর কমিশনের, ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

ফলতা — দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্ভোট ঘিরে বুধবার সকাল থেকেই টানটান উত্তেজনা। নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। গোটা কেন্দ্রজুড়ে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ফলতা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৪৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২১ হাজার ৩০০ এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৫ হাজার ১৩৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। এই কেন্দ্রে মোট প্রার্থী ৬ জন এবং সবক’জনই পুরুষ।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ ছিল, বহু বুথে ইভিএমে বিজেপি প্রার্থীর নামের সামনে থাকা বোতাম সাদা ফিতে দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। অভিযোগের ভিত্তিতে বিশেষ নির্বাচন পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তদন্ত করে কমিশনের কাছে রিপোর্ট জমা দেন। তার পরই গোটা কেন্দ্রে পুনর্ভোটের সিদ্ধান্ত নেয় কমিশন।

ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের ঘোষণাকে ঘিরে। ভোটের ৪৮ ঘণ্টা আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় কমিশন জানিয়েছে, তাঁর নাম ইভিএমে থাকছে।

কমিশন সূত্রে খবর, ফলতা কেন্দ্রে মোট ২৮৫টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। তার মধ্যে ২৬১টি মূল বুথ এবং ২৪টি সহায়ক বুথ। স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথে বুথে চলছে ভিডিয়োগ্রাফি এবং ওয়েবকাস্টিংও।

সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর টহলে আপাতত শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে বলে প্রশাসনিক সূত্রে দাবি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফলতার এই পুনর্ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন নজর আগামী ২৪ মে ভোট গণনার দিকে।

Related posts

Leave a Comment