35 C
Kolkata
May 19, 2026
রাজ্য

‘ঘুষ নিয়ে প্রশ্ন’ মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর, লোকপালের নির্দেশে তদন্তে গতি

কলকাতা — ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, লোকপালের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। লোকসভা ভোটের আবহে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

গত ১৯ মার্চ মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। নির্দেশিকায় অভিযোগগুলিকে ‘গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছিল। সেখানে দুর্নীতি দমন আইনের আওতায় তদন্তের কথা বলা হয়। একই সঙ্গে সিবিআইকে ছ’মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। প্রতি মাসে তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্টও জমা দিতে বলা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

গত বছর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই প্রশ্নের নিশানায় ছিলেন শিল্পপতি গৌতম আদানি। বিজেপির দাবি ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলতেই এই পদক্ষেপ করা হয়েছিল।

এই অভিযোগ সামনে এনে লোকসভার স্পিকারের কাছে মহুয়ার সাংসদ পদ খারিজের দাবিও জানিয়েছিলেন নিশিকান্ত। পরে এই ইস্যুতে সংসদ থেকেও বহিষ্কৃত হন মহুয়া।

মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইও বিভিন্ন অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। এরপর লোকপাল বিষয়টি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেয়।

যদিও মহুয়া মৈত্র আগেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর দাবি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে নিশানা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসও এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ বলেই দাবি করেছে।

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের মহুয়াকেই প্রার্থী করেছে তৃণমূল।

Related posts

Leave a Comment