May 18, 2026
খেলা

লখনউয়ের ধাক্কায় চাপে চেন্নাই, প্লে-অফে উঠতে এখন ‘করো বা মরো’ অবস্থা

লখনউ — লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সাত উইকেটের হারে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। এই পরাজয়ের ফলে আইপিএলের প্লে-অফে ওঠার লড়াই আরও কঠিন হয়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য। এখন বাকি ম্যাচে জিততেই হবে ঋতুরাজ গায়কোয়াড়দের। পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে চেন্নাইকে।

১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত চাপে রয়েছে চেন্নাই। এ দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে প্রতিদ্বন্দ্বিতামূলক রান তুললেও তা ধরে রাখতে ব্যর্থ হয় তারা। লখনউয়ের ওপেনার মিচেল মার্শ এবং জস ইংলিস শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচ কার্যত একতরফা করে দেন।

ম্যাচের পর চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় স্বীকার করেন, বোলিং বিভাগ প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি। তবে এখনও দল প্লে-অফের আশা ছাড়ছে না বলেও জানান তিনি।

ঋতুরাজ বলেন, ‘আজ বোলিংয়ে খারাপ দিন গিয়েছে। এখন প্রথম কাজ চেন্নাইয়ে ফিরে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়া। বাকি দু’টি ম্যাচে পরিস্থিতি বুঝে খেলতে হবে।’

প্লে-অফের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সমীকরণ খুব সহজ। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের শুধু ভাল ক্রিকেট খেলতে হবে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।’

চেন্নাই শিবিরের ধারণা ছিল, এই পিচে ১৬০ থেকে ১৭০ রান ভাল স্কোর হতে পারত। সেখানে তারা ১৮০ রান তোলে। কিন্তু লখনউয়ের ব্যাটাররা শুরু থেকেই পাল্টা আক্রমণে নামায় ম্যাচের রাশ হাতছাড়া হয়ে যায়।

ঋতুরাজের মতে, পিচে পেসারদের জন্য কিছুটা সাহায্য ছিল। কিন্তু লখনউয়ের ব্যাটাররা সেই পরিস্থিতি দারুণভাবে সামলেছেন। বিশেষ করে মিচেল মার্শ এবং জস ইংলিস ছোট বলের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেন।

চেন্নাই অধিনায়ক বলেন, ‘আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই নেমেছিলাম। কিন্তু ঠিকমতো তা কার্যকর করতে পারিনি। কখনও কখনও প্রতিপক্ষ ভাল ক্রিকেট খেলতেই পারে, সেটা মেনে নিতে হয়।’

Related posts

Leave a Comment