কলকাতা: সরকারি স্কুলে ‘বন্দে মাতরম্’ (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মুখ খুললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর দাবি, এই সিদ্ধান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) প্রতি বিজেপির শ্রদ্ধার্ঘ্য এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলার প্রয়াস।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘বন্দে মাতরম্’কে স্কুলে ফিরিয়ে আনা বিজেপির দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মসূচির অংশ। জাতীয় গানের ১৫০ বছর পূর্তির আবহে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও দাবি করেন তিনি।
কংগ্রেসের (Congress) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপি নেতা বলেন, অতীতে ‘বন্দে মাতরম্’কে প্রত্যাখ্যান করেছিল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি তাঁকে কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া না হত, তাহলে দেশের বিভাজনের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেওয়া সম্ভব হত।
শমীক ভট্টাচার্যের দাবি, ‘বন্দে মাতরম্’ প্রত্যাখ্যানের মধ্য দিয়েই দেশের বিভাজনের বীজ রোপিত হয়েছিল। বর্তমানে নতুন প্রজন্ম জাতীয় গান সম্পর্কে জানতে আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। তবে বিরোধী শিবিরের বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) রচিত জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর মর্যাদা যেন কোনওভাবেই কমে না যায়।
তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) জানিয়েছে, বঙ্কিমচন্দ্র রচিত জাতীয় গান গাওয়া নিয়ে তাদের আপত্তি নেই। তবে সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার বার্তা যেন অক্ষুণ্ণ থাকে, তা নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, কংগ্রেসও সরকারি সিদ্ধান্তকে সমর্থন করেছে। পাশাপাশি জাতীয় সঙ্গীতের মর্যাদা বজায় রাখার কথাও বলেছে তারা।
এদিন বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council of India)-র তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আইন পেশা সংক্রান্ত তথ্য চাওয়ার বিষয়েও প্রতিক্রিয়া দেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, আদালত বিচার সংক্রান্ত বিষয় দেখবে, বিজেপির মূল লক্ষ্য রাজ্যে শিল্প আনা ও আইনশৃঙ্খলা ফেরানো।
