কলকাতা — পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরই বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আরজি কর-কাণ্ড থেকে সন্দেশখালি— রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের যে সব অভিযোগ উঠেছে, সেগুলি নিয়ে নতুন করে কমিশন গঠন করা হবে বলে জানালেন তিনি। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন বিজেপি নেতা।
শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সেই বৈঠকের পর প্রথম ভাষণেই এই ঘোষণা করেন তিনি।
শুভেন্দু বলেন, ‘চার্জশিট প্রকাশের দিন অমিত শাহ বাংলার মানুষকে দু’টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সন্দেশখালি থেকে আরজি কর— যেখানে যেখানে মা-বোনেদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে, সেখানে কমিশন বসবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গত মার্চ মাসে রাজ্যে এসে বিজেপির পক্ষ থেকে ‘জনতার চার্জশিট’ প্রকাশ করেছিলেন অমিত শাহ। সেখানে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে মহিলা নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। আরজি কর-কাণ্ড, সন্দেশখালি এবং কসবা ল কলেজের ঘটনার উল্লেখও করা হয়েছিল সেই চার্জশিটে।
আরজি কর-কাণ্ড নিয়ে আন্দোলনের সময় থেকেই সরব ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগও ওঠে। আন্দোলনে অংশ নিতে গিয়ে নির্যাতিতার মা আহত হয়েছিলেন বলেও বিজেপির অভিযোগ ছিল।
বিধানসভা নির্বাচনের আগে আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মা বিজেপিতে যোগ দেন এবং পরে প্রার্থীও হন। প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী বার বার এই ঘটনাকে সামনে এনে তৎকালীন তৃণমূল সরকারকে আক্রমণ করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতায় আসার পর মহিলা নিরাপত্তা এবং বহুল আলোচিত ঘটনাগুলির তদন্তকে সামনে রেখে শুভেন্দু সরকার রাজনৈতিক বার্তা দিতে চাইছে।
