March 31, 2026
রাজ্য

রাহুলের মৃত্যুর বিচার চেয়ে টালিগঞ্জে বৈঠক, প্রসেনজিতের বাড়িতে সোচ্চার শিল্পী মহল

সংবাদ কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা কাটছে না এখনও। তারই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় টালিগঞ্জে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসে জরুরি বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। সূত্রের খবর, এই বৈঠকে যোগ দেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও।

এই বৈঠকের মূল লক্ষ্য ছিল রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত এবং বিচার দাবি করা। পাশাপাশি, তাঁর পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। শিল্পী মহলের একাংশের দাবি, এই ঘটনা কোনওভাবেই সাধারণ দুর্ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না, সমস্ত দিক খতিয়ে দেখা জরুরি।

জানা গিয়েছে, একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় রাহুলের। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে যাওয়ায় ফুসফুস ফুলে ওঠে এবং তার ফলেই মৃত্যু ঘটে। যদিও ঠিক কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। একেক জনের বক্তব্য একেক রকম হওয়ায় বিভ্রান্তি আরও বাড়ছে।

এই পরিস্থিতিতে শিল্পী মহলের একাংশ সরব হয়েছেন। রেশমি সেন ও কৌশিক সেন রাহুলের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে ছিলেন ঋদ্ধিও। সেখান থেকে ফিরে একটি ভিডিও বার্তায় তাঁরা জানান, পরিবারের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

তাঁদের কথায়, রাহুলের মা, প্রিয়াঙ্কা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে তাঁরা বুঝেছেন, এই ক্ষতি কোনওভাবেই পূরণ হওয়ার নয়। সময়ের সঙ্গে কাজের জগৎ স্বাভাবিক হলেও, পরিবারের কাছে এই শূন্যতা আরও প্রকট হয়ে উঠবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

শিল্পী মহলের দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

Related posts

Leave a Comment