37.4 C
Kolkata
June 28, 2026
রাজ্য

পুরুলিয়ায় সভা থেকে অমিত শাহকে তীব্র আক্রমণ মমতার, ‘চার্জশিট’ নিয়ে কটাক্ষ


ভোটের বঙ্গে রবিবার, ছুটির দিনেও সরগরম প্রচার। দুপুর থেকে সেই প্রচারের ঝাঁঝ আরও বাড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ২৪ ঘণ্টা আগে, শনিবার কলকাতায় বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে ৩৫ পাতার একটি চার্জশিট পেশ করেছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই শাসক শিবির ‘মোটা ভাই জবাব চাই’ চার্জশিটের মাধ্যমে পাল্টা জবাব দেয়। তবে এতক্ষণ নীরব ছিলেন মমতা নিজে।

রবিবার পুরুলিয়ার মানবাজারে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সেই নীরবতা ভাঙলেন তিনি। অমিত শাহর চার্জশিটকে তাচ্ছিল্য করে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, “হাঁদাভোঁদার দল, গর্ধশক্তির দল। খালি উলটোপালটা কথা বলে। বকমবকম পায়রা।”

সভা থেকে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিতে বিজেপি পুনর্নির্বাচনের চক্রান্ত করছে। দিল্লির এই পরিকল্পনা রুখে দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকার বার্তাও দেন তিনি।

গত এক সপ্তাহ ধরে জঙ্গলমহল-সহ বিভিন্ন জেলায় টানা প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারের পাথরকাটা ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে সভা করেন তিনি। আর সেখান থেকেই অমিত শাহর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান।

মমতা বলেন, “কাল একজন বড় নেতা এসেছিলেন দিল্লি থেকে। এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। আমি বলি, আপনি চার্জশিট দেওয়ার কে? আপনার বিরুদ্ধেই তো চার্জশিট হওয়া উচিত।”

গুজরাট দাঙ্গার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আপনি তো দাঙ্গা করেছিলেন, তখন কত মানুষ মারা গিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন?”

Related posts

Leave a Comment