কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশের পর যেসব পুলিশ আধিকারিকের বদলি হয়েছে এবং অবসরের পরে যাঁদের আবার কাজে নিয়োগ করা হয়েছে, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। রাজ্য সরকারের কাছে দ্রুত এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর (Additional Chief Electoral Officer) থেকে রাজ্য পুলিশের আইন শাখার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ADG Legal) ও নির্বাচনী নোডাল আধিকারিকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারির পরে যেসব পুলিশ আধিকারিকের বদলির নির্দেশ জারি হয়েছে, তাঁদের একটি পূর্ণাঙ্গ তালিকা কমিশনের কাছে পাঠাতে হবে।
এই তারিখেই চূড়ান্ত ভোটার তালিকা (Final Voters List) প্রকাশ করা হয়েছিল। তবে যেসব বিষয় আদালতে বিচারাধীন রয়েছে এবং ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ (Logical Discrepancy) হিসেবে চিহ্নিত হয়েছে, সেগুলি এই তালিকার বাইরে রাখা যেতে পারে বলে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন আরও জানতে চেয়েছে, অবসর গ্রহণের পরে কোন কোন পুলিশ আধিকারিককে পুনরায় কাজে নিয়োগ করা হয়েছে। তাঁদের নাম ও দায়িত্ব সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।
একই সঙ্গে কমিশন ২০২১ সালের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)-এর সময় যেসব এলাকায় ভোট-সংক্রান্ত হিংসা ঘটেছিল, সেই সময় সংশ্লিষ্ট থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের তালিকাও চেয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ্যে এবার দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভা কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২টি কেন্দ্রে ভোট হবে।
