আরজি কর কাণ্ডের এক বছর পরেও তদন্ত নিয়ে বিতর্ক থামেনি। নির্যাতিতার পরিবারের অভিযোগ এবং তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্নের মধ্যেই এবার মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আদালত সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিচারপতি ঘোষ জানিয়েছেন যে তিনি আর এই মামলার শুনানি করবেন না। কারণ, আরজি কর সংক্রান্ত আরও কয়েকটি মামলা ইতিমধ্যেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানির পর্যায়ে রয়েছে। তাই এই মামলাটিকেও সেই ডিভিশন বেঞ্চের সঙ্গে যুক্ত করা হোক বলে মত দিয়েছেন তিনি।
এরপরই নিজের বক্তব্য এবং মামলার নথি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি ঘোষ। এখন প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন মামলাটি কোন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, আদালতের নির্দেশে আরজি কর ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু গত এক বছরে তদন্ত প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, সিবিআই তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়নি।
এই কারণেই তদন্তের অগ্রগতি এবং পদ্ধতি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাই উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অরিন্দম দাস জানিয়েছেন, কোনও বিচারপতি যদি মনে করেন যে একই বিষয়ের একাধিক মামলা অন্য বেঞ্চে চলছে, তাহলে মামলাটি সেখানে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া অস্বাভাবিক নয়। আদালতের নিয়ম অনুযায়ী, কোনও বিচারপতি কোনও মামলা থেকে সরে দাঁড়ালে প্রধান বিচারপতিই পরবর্তী বেঞ্চ নির্ধারণ করেন।
ফলে এখন নজর প্রধান বিচারপতির সিদ্ধান্তের দিকে। তিনি ঠিক করবেন এই মামলাটিও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যুক্ত হবে কি না।
