28 C
Kolkata
March 10, 2026
Featured

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও বিএলআইএসসি কোর্সে ভর্তি শুরু, অনলাইনে আবেদন

পশ্চিম মেদিনীপুরের Vidyasagar University-এ একাধিক বিষয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের স্নাতক স্তরের বিএলআইএসসি কোর্সেও পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে প্রসপেক্টাস-সহ বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী পড়ুয়াদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।


বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স এবং ফ্যাকাল্টি অফ সায়েন্সের অধীনে বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ রয়েছে। আর্টস অ্যান্ড কমার্স ফ্যাকাল্টির অধীনে বাংলা, ইংরেজি, অর্থনীতি, হিন্দি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সাঁওতালি, সমাজবিদ্যা, বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে ভর্তি নেওয়া হবে।


এর মধ্যে ইতিহাস, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সাঁওতালি মাধ্যমেও পড়ার সুযোগ থাকবে। বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আসনসংখ্যা ১৮ থেকে শুরু করে সর্বাধিক ১৪২ পর্যন্ত নির্ধারিত হয়েছে।

অন্যদিকে ফ্যাকাল্টি অফ সায়েন্সের অধীনে নৃতত্ত্ববিদ্যা, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, উদ্ভিদবিদ্যা, বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, ইলেক্ট্রনিক্স, মৎস্যবিজ্ঞান, ভূগোল, হিউম্যান ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, পদার্থবিদ্যা, রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, প্রাণীবিদ্যা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনসহ একাধিক বিষয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি নেওয়া হবে। এই বিভাগগুলিতে আসনসংখ্যা ৩২ থেকে শুরু করে সর্বাধিক ১১০ পর্যন্ত।


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের Centre for Continuing and Adult Education Vidyasagar University পরিচালিত বিভিন্ন স্নাতকোত্তর, ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সেও ভর্তি নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব কোর্সেই আদালতের নির্দেশ মেনে সংরক্ষিত বিভাগের পড়ুয়াদের জন্য নির্দিষ্ট আসন থাকবে।

কীভাবে আবেদন করবেন
আগ্রহীদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। হোমপেজে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে ফর্ম পূরণ করতে হবে।

এই ভর্তি প্রক্রিয়ায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ অগস্ট। বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং অন্যান্য শর্ত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment