রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত–মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বপরিস্থিতিতে ভারত আজ বহু দেশের কাছে একটি বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হিসেবে উঠে এসেছে।
প্রধানমন্ত্রী সংসদকে জানান, ভারত একের পর এক ভবিষ্যৎমুখী বাণিজ্য চুক্তিতে সই করছে, যা কেবল দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে না, বিশ্বব্যাপী স্থিতিশীলতাও বাড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের নয়টি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে হওয়া চুক্তিকে তিনি ‘মাদার অফ অল ডিলস’ বলে উল্লেখ করেন।
মোদির বক্তব্য অনুযায়ী, বড় বড় দেশ আজ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়তে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। তাঁর কথায়, ইইউর সঙ্গে চুক্তির পর বিশ্বে স্থিতিশীলতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে এবং আমেরিকার সঙ্গে চুক্তির পর সেই স্থিতিশীলতার সঙ্গে গতি যুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত এখন বৈশ্বিক কল্যাণে অবদান রাখছে বলেই বহু দেশ ভারতের ওপর আস্থা রাখছে। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল সাউথের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবেও ভারত নিজের জায়গা পোক্ত করেছে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বাণিজ্য চুক্তিগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ভারত–মার্কিন চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক উল্লেখযোগ্যভাবে কমেছে, যা দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
