বরেইলি , ১৮ সেপ্টেম্বর: বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেইলির বাসভবনে গত ১২ সেপ্টেম্বর ভোররাতে ঘটে যাওয়া গুলি চালনার ঘটনায় বড় ধরনের সাফল্য পাওয়া গিয়েছে। বুধবার সকালে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও দিল্লি পুলিশের সিআই ইউনিটের যৌথ অভিযানে মূল দুই অভিযুক্তকে গুলি বিনিময়ের ঘটনায় হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১২ সেপ্টেম্বর ভোর ৩টা ৪৫ মিনিটে, যখন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা দিশা পাটানির বাড়িতে নির্বিচারে গুলি চালায়। ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বরেইলির কোটওয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবিলম্বে তদন্ত দ্রুততর করার নির্দেশ দেন। সরকারের শূন্য-সহনশীলতার নীতির অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি এবং আন্তঃরাজ্য অপরাধ চক্রের রেকর্ড খতিয়ে দেখা হয়। তদন্তে উঠে আসে দুই শুটারের নাম—রবীন্দ্র (পিতা: কল্লু), রোহতকের কাহনি গ্রামের বাসিন্দা এবং অরুণ (পিতা: রাজেন্দ্র), সোনিপতের ইন্ডিয়ান কলোনির বাসিন্দা।
বুধবার সকালে গাজিয়াবাদের ট্রোনিকা সিটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় তারা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
অমিতাভ ইয়াশ জানান, নিহত দুই জনই কুখ্যাত রোহিত গদারা-গোল্ডি ব্রার গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে গ্লক ও জিগানা পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি। রবীন্দ্রর বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক ঘটনার রেকর্ড রয়েছে।
