30 C
Kolkata
August 7, 2026
জেলা

চারদিনের বৃষ্টিতে জলমগ্ন মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা

মালদা, ২৪ সেপ্টেম্বর: টানা চার দিন বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা। গৃহহীন হয়ে পড়েছে ১০টি মুসহর সম্প্রদায়ের দিনমজুর পরিবার। এই বৃষ্টিতে কোথায় গিয়ে আশ্রয় নেবে এ নিয়ে দিশেহারা গৃহহীন পরিবারগুলি। এমনকি পরিবারগুলিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। শুকনো ভাত ও খিচুড়ি খেয়ে কোনওরকমে দিন‌গুজরান করছে পরিবারগুলি। সরকারি সাহায্যের আশায় তীর্থের কাকের মতো চেয়ে রয়েছেন পরিবারের সকলে। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ধুমসাডাঙ্গি গ্রামে এই চিত্র ধরা পড়েছে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে নিম্নচাপের ফলে সারা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। গত কালকের বৃষ্টির জেরে ধুমসাডাঙ্গি গ্রামের ১০টি মুসহর সম্প্রদায়ের পরিবার জলবন্দি হয়ে পড়েছে। বাড়ির উঠানে জমে রয়েছে প্রায় হাঁটু সমান জল। এমনকি বাড়িগুলিতেও জল ঢুকতে শুরু করেছে। সপরিবারে বাচ্চা-বৃদ্ধ নিয়ে বড় সমস্যায় পড়েছেন পরিবারগুলি। সাপ ও পোকামাকড় বাড়িতে ঢুকে যাওয়ার আশঙ্কাও রয়েছে। অপরদিকে কাঁচা বাড়িগুলোতে ধরেছে ফাটল। জরাজীর্ণ ঘরের চাল ভেদ করে মেঝেতে জল জমে রয়েছে। নলকূপগুলি জলের তলায় তলিয়ে গেছে।

অভিযোগ, জল নিকাশি না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। জমা জল দিন দিন বেড়ে চলেছে। রাস্তা থেকে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে জল। বাচ্চা ও বয়স্ক ব্যক্তি রয়েছে বাড়িতে। তাদের পক্ষে আরও বিপজ্জনক হয়ে উঠেছে এই পরিস্থিতি। এই নোংরা জমা জলের কারণে নানা রোগ দেখা দিতে পারে। এমতো পরিস্থিতিতে আগামী দিনগুলো কিভাবে কাটবে তা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন তাঁরা।

Related posts

Leave a Comment