২০২০ সালে টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের মামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এই মামলায় নাম জড়ানো ব্যক্তিদের বিজেপিতে নেওয়া নিয়ে দলীয় নেতৃত্বকেই কড়া আক্রমণ করলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী। সরাসরি পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহকে নিশানা করে তিনি বলেন, মণীশের খুনে অভিযুক্তদের সঙ্গে কিছু বিজেপি নেতার ওঠাবসা রয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যের। একই সঙ্গে প্রাক্তন পুরপ্রধান উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে দলে নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এমনকি, প্রয়োজনে বিজেপির রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন কৌস্তুভ।

কৌস্তুভের এই বিস্ফোরক মন্তব্যের পরে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই বিষয়ে আইনি পদক্ষেপের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, সিআইডি ডিজি এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। অন্যদিকে, কৌস্তুভের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন নিহত মণীশ শুক্লর বাবা চন্দ্রমণি শুক্ল। তাঁর দাবি, অতীতে আইনি লড়াইয়ের জন্য কৌস্তুভের কাছে গেলেও প্রাণের ভয়ে তিনি মামলা লড়তে অস্বীকার করেছিলেন। এখন পুত্রের নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। অর্জুন সিংহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
