বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা, পরিচালক ও প্রযোজক জর্জ ক্লুনি-কে (George Clooney) আজীবন সম্মাননা (Golden Lion for Lifetime Achievement) দেওয়ার ঘোষণা করল ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসব (Venice Film Festival)। আগামী ২ সেপ্টেম্বর শুরু হতে চলা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে ক্লুনির হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ সম্মান।
এই সম্মান পাওয়ার মাধ্যমে চার্লি চ্যাপলিন, ইনগমার বার্গম্যান, স্ট্যানলি কুবরিক, উডি অ্যালেন ও অরসন ওয়েলসের মতো কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিলেন ক্লুনি।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়, প্রযোজনা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন জর্জ ক্লুনি। কর্মজীবনে তিনি মোট আটবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং দু’বার অস্কার জিতেছেন। ২০০৫ সালের Syriana ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার অস্কার পান। পরে Argo ছবির সহ-প্রযোজক হিসেবে সেরা ছবির অস্কারও তাঁর ঝুলিতে আসে।
এছাড়াও Michael Clayton, Up in the Air এবং The Descendants ছবিতে অভিনয়ের জন্যও একাধিকবার অস্কারের মনোনয়ন পেয়েছেন। পরিচালক হিসেবেও Good Night, and Good Luck এবং The Ides of March ছবির জন্য প্রশংসিত হয়েছেন ক্লুনি।
বিশেষ তাৎপর্যের বিষয়, সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা অভিযোজিত চিত্রনাট্য, সেরা অভিনেতা এবং সেরা পার্শ্ব অভিনেতা—এই ছয়টি পৃথক বিভাগে অস্কারের মনোনয়ন পাওয়া বিশ্বের হাতে গোনা কয়েকজন শিল্পীর অন্যতম তিনি।
সমালোচকদের মতে, Up in the Air, Michael Clayton এবং The Descendants—এই তিনটি ছবি জর্জ ক্লুনির অভিনয়জীবনের অন্যতম সেরা কাজ। Up in the Air-এ কর্পোরেট সংস্থার হয়ে কর্মী ছাঁটাইয়ের দায়িত্বে থাকা এক কর্মকর্তার ভূমিকায় তাঁর সংযত অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। অন্যদিকে Michael Clayton-এ নৈতিক সংকটে পড়া এক আইনজীবীর চরিত্র এবং The Descendants-এ পরিবারের সংকটের মুখে দাঁড়ানো এক বাবার চরিত্রে অভিনয় দর্শক ও সমালোচকদের সমানভাবে মুগ্ধ করেছে।
চলতি বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে জর্জ ক্লুনির দীর্ঘ অবদানের আরও একবার স্বীকৃতি মিলল।
