চৈতন্য বৈষ্ণব গবেষণায় নতুন দিগন্ত
সংবাদ কলকাতা: চৈতন্য বৈষ্ণব দর্শন, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে উচ্চতর শিক্ষা এবং গবেষণাকে আরও বিস্তৃত করতে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)-এর সংস্কৃত দপ্তর (Department of Sanskrit) এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (Bhaktivedanta Research Centre)-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর চৈতন্য বৈষ্ণব স্টাডিজ’ (BICECVS)।
কলকাতার মোতিলাল নেহরু রোডে অবস্থিত ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে গবেষণা কেন্দ্রটির উদ্বোধন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) আশুতোষ ঘোষ। ইসকনের (ISKCON) প্রতিষ্ঠাতা-আচার্য এবং বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রাক্তনী এ. সি. ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের (A. C. Bhaktivedanta Swami Srila Prabhupada) স্মৃতির উদ্দেশ্যে এই উপকেন্দ্র গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃত দপ্তরের প্রধান অধ্যাপক (ড.) মৌ দাশগুপ্ত, কেন্দ্রের অধিকর্তা অধ্যাপক (ড.) কমল কিশোর মিশ্র এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র।
উপাচার্য অধ্যাপক (ড.) আশুতোষ ঘোষ বলেন, এই কেন্দ্রের মাধ্যমে চৈতন্য বৈষ্ণব অধ্যয়নকে আন্তর্জাতিক স্তরে আরও সুসংহত করার পাশাপাশি গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।
অধ্যাপক (ড.) কমল কিশোর মিশ্র জানান, গবেষণা, উচ্চশিক্ষা, প্রাচীন পুঁথি ও নথির সংরক্ষণ, প্রকাশনা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং ভারতীয় প্রবাসী সমাজে গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার প্রভাব নিয়ে বিস্তৃত গবেষণার ক্ষেত্র তৈরি করবে এই কেন্দ্র।

ড. সুমন্ত রুদ্র বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই গবেষণা কেন্দ্র ভবিষ্যতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।
