নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ— মুর্শিদাবাদের তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পুজো মণ্ডপ থেকে তিনি আশঙ্কা প্রকাশ করেন, কিছু মানুষ পুজোর আনন্দ নষ্ট করার চেষ্টা করতে পারে। তাই উৎসবের দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, প্রশাসন ও পুজো কমিটিগুলিকে আগাম সতর্ক থাকার বার্তা দেন তিনি। একই সঙ্গে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুর্শিদাবাদে পুজোর সংখ্যা বেড়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার প্রথমে লালবাগের বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেন শুভেন্দু। ওই পুজো রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের পুজো বলে পরিচিত। সেখান থেকেই পুজোর আনন্দ মাটি করার চক্রান্ত হতে পারে বলে সতর্ক করেন তিনি। এরপর বহরমপুর স্টেডিয়ামে নেমে সড়কপথে বাবুলবোনা দুর্গোৎসব কমিটির পুজোয় যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বহরমপুরের বানজেটিয়া পূর্বাশা প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির পুজোর উদ্বোধন করেন। এই পুজো রেজিনগরের বিধায়ক শাখারভ সরকারের পুজো বলে পরিচিত।
লালবাগের পুজো মণ্ডপ থেকে শুভেন্দু জানান, ২০২৫ সালে রাজ্যে ৪৫ হাজার দুর্গাপুজো হয়েছিল। এ বার ৫৮ হাজার পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি পুজো কমিটিগুলির বিদ্যুতের খরচ মকুব এবং বিনামূল্যে দমকলের ছাড়পত্র দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, একসময় স্পর্শকাতর বলে পরিচিত মুর্শিদাবাদে এ বার ৮০০-র বেশি নতুন পুজো অনুমোদন পেয়েছে। পুজো আয়োজকদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তিনি।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন শুভেন্দু। তিনি জানান, সম্প্রতি জেলার দু’টি পুজো মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই ঘটনার তদন্ত চলছে। তাই পুজোর দিনগুলিতে যাতে কোনও দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসন ও পুজো কমিটিগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জেসমিনার পরিবারকে আর্থিক সাহায্য
রেজিনগরে নির্বাচনী প্রচারের সময় লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু হয়েছিল শিশু জেসমিনার। তার মাকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগে থেকেই এই সাহায্যের কথা ঘোষণা করেছিলেন তিনি। অন্যদিকে, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে রেল দুর্ঘটনায় মৃত তিন জনের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুজোর উদ্বোধনের পাশাপাশি গঙ্গা ভাঙন রোধ এবং বেকারদের কর্মসংস্থানের বিষয়েও পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। সীমান্তবর্তী মুর্শিদাবাদে গরু পাচার ও মাদক কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। উৎসবের মরসুমে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জেলার উন্নয়ন নিয়েও একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
