31.5 C
Kolkata
June 18, 2026
কলকাতা

টিকিট না পাওয়া ১৬ প্রাক্তন বিজেপি বিধায়ককে ডেকে আশ্বাস শুভেন্দুর, ‘দল আপনাদের কথা ভাবছে’

কলকাতা | ১৮ জুন: বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া বিজেপির ১৬ জন প্রাক্তন বিধায়ককে ডেকে ভবিষ্যতে তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের দিন মুখ্যমন্ত্রীর ঘরে ডাকা হয়েছিল ওই নেতাদের।

সূত্রের খবর, বৈঠকে শুভেন্দু অধিকারী তাঁদের জানান যে দল তাঁদের ভূমিকা নিয়ে চিন্তাভাবনা করছে। প্রশাসনিক দায়িত্ব নাকি সাংগঠনিক কাজে তাঁদের ব্যবহার করা হবে, তা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, বিশ্বনাথ কারক, আশিস বিশ্বাস, মধুসূদন বাগ-সহ মোট ১৬ জন নেতা। এঁদের অনেকেই গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাননি।

আরামবাগের প্রাক্তন বিধায়ক মধুসূদন বাগ এবং গোঘাটের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারককে প্রার্থী না করার পিছনে দলীয় গোষ্ঠীদ্বন্দ্বকে অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছিল। একইভাবে ভগবানপুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিও টিকিট পাননি। রামমন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অমান্য করে অযোধ্যা যাওয়াকে কেন্দ্র করে তাঁকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল।

এদিকে আগামী ২২ জুন রাজ্যের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই বাজেট অধিবেশন চলবে ২৫ জুন পর্যন্ত। অধিবেশন শুরুর দিনই বিজেপি শিবিরে এই বৈঠক রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, বৃহস্পতিবার ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি আনুষ্ঠানিকভাবে বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতকের দায়িত্ব গ্রহণ করেন। একই দিনে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়।

দলীয় সূত্রে খবর, প্রথমবারের মন্ত্রী ও বিধায়কদের প্রশাসনিক কাজ, দলীয় নীতি অনুসরণ, আমলাতন্ত্রের সঙ্গে সমন্বয় এবং জনসংযোগ বজায় রাখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওই কর্মশালায়।

Related posts

Leave a Comment