হরিণঘাটায় গ্রিনফিল্ড বিমানবন্দর (Greenfield Airport) তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। মঙ্গলবার নদিয়ার কল্যাণী এ-৯ স্কোয়ার পার্কের দুর্গাপুজো (Durga Puja) উদ্বোধন করতে এসে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পের জন্য জেলাশাসক (District Magistrate) ও পুলিশ সুপারকে (Superintendent of Police) সঙ্গে নিয়ে সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। চলতি মাসের ২৮ তারিখ হরিণঘাটায় একটি সংস্থার কারখানার ভূমিপুজোতেও তিনি উপস্থিত থাকবেন।
দিন প্রথমে রানাঘাটের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের ৭৫-এ চারের পল্লির পুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার পরে হেলিকপ্টারে কল্যাণী স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। সেখান থেকে গাড়িতে এ-৯ স্কোয়ার পার্কের পুজো মণ্ডপে পৌঁছন। এ বারের পুজোর ভাবনা ‘পঞ্চ কেদার’। উদ্বোধনের পরে মঞ্চ থেকে পুজো কমিটির সদস্যদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যে দুর্গাপুজোর অনুমোদনের সংখ্যা বৃদ্ধির কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে রাজ্যে ৪৬ হাজার দুর্গাপুজো অনুমোদন পেয়েছিল। এ বার বর্তমান সরকার ও প্রশাসনের উদ্যোগে নতুন করে ১২ হাজার ৪০০টি পুজোর অনুমোদন দেওয়া হয়েছে। ফলে মোট অনুমোদিত পুজোর সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৪০০ হয়েছে বলে জানান তিনি।
হরিণঘাটায় বিমানবন্দর তৈরির ঘোষণা ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নতুন আলোচনার অবকাশ তৈরি করেছে। তবে প্রকল্পের জমি চূড়ান্ত হয়েছে কি না, নির্মাণের কাজ কবে শুরু হবে কিংবা বিমানবন্দরের পরিকাঠামো কেমন হবে, সে সম্পর্কে এ দিন কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
দুর্গাপুজোর আনন্দে রাজনৈতিক মতভেদ ও সংকীর্ণতা ভুলে সকলকে একসঙ্গে সামিল হওয়ার আহ্বান জানান শুভেন্দু অধিকারী। বাঙালি সংস্কৃতি এবং সনাতন ধর্মীয় ঐতিহ্যকে ধরে রাখার বার্তাও দেন তিনি। কল্যাণীর উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে এই শহরের জন্য উন্নয়নের একাধিক পরিকল্পনা নিয়ে আসবেন তিনি।
মন্ত্রী সুমনা সরকার, অর্জুন সিং-সহ অন্যান্য বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
previous post
next post
