নয়াদিল্লি— ছ’বছর ধরে জেলবন্দি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তনী উমর খালিদ ও শারজিল ইমামের অন্তর্বর্তী জামিনের আবেদন আপাতত মঞ্জুর করল না সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে জামিনের আর্জি জানানো হলেও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বরং দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে অন্তর্বর্তী জামিনের আবেদন বিবেচনা করা হচ্ছে না। পুলিশের জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে আদালত। ফলে দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা উমর ও শারজিলের জামিন পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হল।
২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত হিংসার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে উমর ও শারজিলের নাম জড়ায়। তাঁদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-তে মামলা দায়ের করে দিল্লি পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট শারজিল ইমাম এবং ১৩ সেপ্টেম্বর উমর খালিদকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই জেলবন্দি রয়েছেন দু’জন।
বুধবারের শুনানিতে ২০২১ সালের ‘কেন্দ্র বনাম কেএ নাজিব’ মামলার রায় বিশেষ গুরুত্ব পায়। ওই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দীর্ঘদিন বিচারাধীন অবস্থায় কারাবন্দি থাকা কিংবা বিচারপ্রক্রিয়া শেষ হতে অস্বাভাবিক দেরি হওয়ার বিষয়টি জামিন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। এমনকি ইউএপিএ-র মতো কঠোর আইনে দায়ের হওয়া মামলাতেও এই নীতি প্রযোজ্য হতে পারে বলে জানিয়েছিল আদালত।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২১ সালে ওই রায়দানকারী তিন বিচারপতির বেঞ্চে ছিলেন বর্তমান প্রধান বিচারপতি সূর্য কান্তও। পরবর্তী সময়ে নাজিব মামলার রায়ের নীতি কী ভাবে এবং কোন পরিস্থিতিতে প্রয়োগ করা হবে, তা নির্ধারণের জন্য বিষয়টি বৃহত্তর বেঞ্চের বিবেচনার জন্য পাঠানো হয়েছিল।
উমর খালিদের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। দীর্ঘ ছ’বছর ধরে তাঁর মক্কেলের জেলবন্দি থাকার বিষয়টি তুলে ধরে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তিনি। একই আবেদন করেন শারজিল ইমামের আইনজীবী সিদ্ধার্থ দাভে। শুনানির সময় নাজিব মামলার রায়ের প্রসঙ্গ উঠতেই প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘আমারই দেওয়া রায় নিয়ে আলোচনা হচ্ছে। তাই আমি কিছুটা বিব্রত বোধ করছি।’
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্ট উমর ও শারজিলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। তবে বিভিন্ন পারিবারিক কারণে দু’জনেই চলতি বছরে সাময়িকভাবে জেলের বাইরে আসার সুযোগ পেয়েছিলেন। মার্চ মাসে ছোট ভাইয়ের বিয়েতে যোগ দেওয়া এবং অসুস্থ মায়ের দেখাশোনার জন্য ১০ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন শারজিল। পরে ২২ সেপ্টেম্বর দিল্লির কড়কড়ডূমা আদালত তাঁর তুতো বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য দ্বিতীয়বার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।
অন্যদিকে, অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য চলতি বছরে তিন দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন উমরও। তবে নিয়মিত জামিনের প্রশ্নে এখনও কোনও সুরাহা হয়নি। সুপ্রিম কোর্টে পুলিশের বক্তব্য জমা পড়ার পরই তাঁদের জামিনের আবেদন নিয়ে পরবর্তী শুনানিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। ফলে আপাতত শীর্ষ আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন উমর ও শারজিলের পরিবার এবং আইনজীবীরা।
