কলকাতা — মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা ওয়ান্ডারমাইন্ড সংস্থাকে ঘিরে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করলেন পাঁচ বিনিয়োগকারী। তাঁদের অভিযোগ, সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হিসাবে সেলেনা যে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ঠিকমতো পালন করেননি। ২০২২ সালে ওয়ান্ডারমাইন্ডে প্রায় ১২ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করা ওই পাঁচ ব্যক্তি বৃহস্পতিবার ডেলাওয়্যারের ফেডারেল আদালতে মামলা করেছেন।
ওয়ান্ডারমাইন্ড তৈরি হয়েছিল মানুষের মানসিক সুস্থতা বা ‘মানসিক ফিটনেস’ নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে। ২০২১ সালে সংস্থাটি যাত্রা শুরু করে। ধারণাটি ছিল, শরীর সুস্থ রাখার জন্য যেমন নিয়মিত শরীরচর্চা দরকার, তেমনই মানসিক সুস্থতার জন্যও নিয়মিত যত্ন এবং অনুশীলন প্রয়োজন।
সেলেনা গোমেজকে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা করা হয়েছিল। একই সঙ্গে তাঁকে প্রধান প্রভাব আধিকারিক এবং বিপণন বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হয়। মামলাকারীদের দাবি, সেলেনার বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সংস্থার প্রচার এবং ব্যবসা দ্রুত বাড়বে বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছিল।
সেলেনার সমাজমাধ্যমে বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। সেই জনপ্রিয়তার মাধ্যমে ওয়ান্ডারমাইন্ডের প্রচার, বড় সংস্থার সঙ্গে চুক্তি এবং নতুন উদ্যোগ তৈরিতে তিনি সক্রিয় ভূমিকা নেবেন বলে বিনিয়োগকারীদের জানানো হয়েছিল বলে মামলায় দাবি করা হয়েছে। কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগ, বাস্তবে সেই প্রতিশ্রুত কাজের খুব সামান্যই হয়েছে।

মামলাকারীদের দাবি, ওয়ান্ডারমাইন্ডের সঙ্গে বড় সংস্থার অংশীদারত্ব তৈরির পরিকল্পনা সফল হয়নি। বিজ্ঞাপনী চুক্তি এবং তারকাদের মাধ্যমে প্রচারের উদ্যোগও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। এমনকি বিনিয়োগকারীদের সামনে যে মোবাইল অ্যাপ তৈরির পরিকল্পনা তুলে ধরা হয়েছিল, সেটিও শেষ পর্যন্ত তৈরি হয়নি।
২০২২ সালে ওয়ান্ডারমাইন্ডের মূল্যায়ন ছিল প্রায় ৯ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার। ওই সময় সংস্থাটি মোট ৫০ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছিল। সেরেনা উইলিয়ামসের বিনিয়োগ তহবিলের পাশাপাশি লাইটস্পিড ভেঞ্চার পার্টনার্স এবং সিকোয়িয়া ক্যাপিটালের মতো সংস্থাও বিনিয়োগ করেছিল। পাঁচ মামলাকারীর দেওয়া অর্থ ছিল মোট বিনিয়োগের প্রায় ১২ লক্ষ মার্কিন ডলার।
মামলায় সেলেনার মা ম্যান্ডি টিফির নামও রয়েছে। তিনি ওয়ান্ডারমাইন্ডের সহ-প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন। পাশাপাশি সংস্থার প্রাক্তন ব্যবসায়িক সহযোগী ড্যানিয়েলা পিয়ারসনকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে। মামলাকারীদের দাবি, সেলেনা, ম্যান্ডি এবং পিয়ারসনের হাতে মিলিয়ে সংস্থার প্রায় ৯০ শতাংশ শেয়ার ছিল।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সেলেনা ও তাঁর মায়ের ব্যক্তিগত সম্পর্কের দীর্ঘদিনের সমস্যার প্রভাব ওয়ান্ডারমাইন্ডের কাজেও পড়েছিল। তবে এই অভিযোগের বিষয়ে সেলেনার পক্ষ থেকে এখনও কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পিয়ারসনের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও উঠেছে। মামলায় বলা হয়েছে, ম্যান্ডি টিফি বিনিয়োগকারীদের জানিয়েছিলেন যে পিয়ারসন সংস্থার অর্থ দিয়ে নিউইয়র্কে নিজের বাড়িভাড়া মেটাতেন। মাসে সেই ভাড়ার পরিমাণ প্রায় ৬০ হাজার মার্কিন ডলার ছিল বলে দাবি করা হয়েছে। পিয়ারসন ২০২৩ সালে সংস্থা ছেড়ে দেন।

তবে পিয়ারসন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, প্রয়োজনীয় নথি ও আর্থিক হিসাব প্রকাশের সুযোগ পেলে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে। তিনি বিশেষ ভাবে জানিয়েছেন, বিনিয়োগকারীদের অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করার অভিযোগ সত্য নয়।
বিনিয়োগকারীরা দাবি করেছেন, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা ওয়ান্ডারমাইন্ডের সমস্যার প্রকৃত পরিস্থিতি জানতেন না। দ্য কাটে সংস্থার আর্থিক ও পরিচালনাগত সমস্যার বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর তাঁরা পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সেলেনা, ম্যান্ডি এবং পিয়ারসনের বিরুদ্ধে বিনিয়োগ সংক্রান্ত প্রতারণা, সাধারণ প্রতারণা এবং চুক্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। মামলাকারীরা নিজেদের বিনিয়োগ করা অর্থ ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনি খরচও দাবি করেছেন। এখন আদালতে জমা দেওয়া নথি, চুক্তির শর্ত এবং সংস্থার আর্থিক হিসাবের ভিত্তিতে মামলার পরবর্তী গতিপথ ঠিক হবে।
