32 C
Kolkata
September 29, 2026
রাজ্য

অষ্টম শ্রেণিতেই এবার মিলবে বিনামূল্যে সাইকেল, ‘সারথি’ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

সংবাদ কলকাতা: রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য বড়সড় সুবিধা ও নতুন নির্দেশনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণি নয়, বরং অষ্টম শ্রেণিতে উঠলেই শিক্ষার্থীরা বিনামূল্যে সাইকেল পাবে। এই উপলক্ষে ‘সারথি’ নামের একটি নতুন প্রকল্পের শুভ সূচনা করেন তিনি এবং এর নতুন লোগো উন্মোচন করেন। এর পাশাপাশি তিনি জানান, রাজ্যে সাইকেল তৈরির কারখানা গড়তে ইচ্ছুক শিল্পগোষ্ঠী বা উৎপাদনকারী সংস্থাগুলোকে বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার।

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোকে ক্রমান্বয়ে স্মার্ট স্কুলে রূপান্তরিত করা হবে। পাশাপাশি দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারের প্রবণতা কমানোর পরামর্শ দিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে বিনামূল্যে স্মার্ট ট্যাব দেওয়া হবে এবং স্কুলে স্কুলে এনসিসি চালু করা হবে। পূর্বতন তৃণমূল সরকারের সাইকেল বিলি ব্যবস্থার তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আগে জলন্ধর থেকে সাইকেলের যন্ত্রাংশ এনে তৎকালীন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের বরাত দেওয়া হতো, যা এখন সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের সাথে মাটিতে বসে ভাত-ডাল, সয়াবিন-আলুর তরকারি ও চাটনি দিয়ে মিড-ডে মিলের খাবার গ্রহণ করেন।

Related posts

Leave a Comment