প্যারিস | ১৮ জুন: ইউরোপের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন VivaTech 2026-এ ভাষণ দিতে গিয়ে ভারতের দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবনী শক্তির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি|
সম্মেলনের দশম সংস্করণে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, “প্রচলিত পদ্ধতি যেখানে ব্যর্থ হয়, সেখানে উদ্ভাবনই সমাধান দিতে পারে।” তিনি মনে করিয়ে দেন, কোভিড-১৯ মহামারির সময় ২০২১ সালে একই মঞ্চ থেকে তিনি এই বার্তাই দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সাল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বছর। সম্প্রতি স্বাক্ষরিত ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং দক্ষ জনশক্তির আদান-প্রদানের নতুন দিগন্ত খুলে দেবে বলে মন্তব্য করেন তিনি।
ভারত-ফ্রান্স সম্পর্কের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ‘ইন্ডিয়া-ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন’ দুই দেশের প্রযুক্তি ও স্টার্টআপ জগতকে আরও কাছাকাছি এনেছে। ফ্রান্স ও ভারতের স্টার্টআপগুলির মধ্যে সহযোগিতা ক্রমশ বাড়ছে বলেও জানান তিনি।
ভারতের ডিজিটাল বিপ্লবের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের বৃহত্তম ডিজিটাল পরিচয় ব্যবস্থা এবং বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি। আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, টেলিমেডিসিন ও কৃষিক্ষেত্রে প্রযুক্তিকে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।”
তিনি দাবি করেন, ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) বর্তমানে বিশ্বের মোট রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের প্রায় অর্ধেক পরিচালনা করে। ফ্রান্সের আইফেল টাওয়ার ও প্যারিস বিমানবন্দরেও UPI পরিষেবা চালু হয়েছে বলে জানান মোদী।
ডিজিলকার, গতি শক্তি প্ল্যাটফর্ম এবং স্বামিত্ব (SVAMITVA) প্রকল্পের মতো উদ্যোগগুলির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ ভারতেও আর্থিক ক্ষমতায়ন সম্ভব হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসঙ্গে মোদী বলেন, “AI মানুষের জীবনমান উন্নত করবে, সুযোগের বিস্তার ঘটাবে এবং পরিবেশ রক্ষায়ও সাহায্য করবে।” ভারতের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি বলেন, “ভারতের কাছে AI-এর অর্থ হল ‘All Inclusive’।”
স্টার্টআপ ইকোসিস্টেমের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ভারতে ২ লক্ষেরও বেশি স্টার্টআপ কাজ করছে। রকেট ইঞ্জিন, জিন-ভিত্তিক চিকিৎসা, AI-চালিত স্বাস্থ্যসেবা, সাইবার নিরাপত্তা, স্মার্ট সিটি ও রোবোটিক্সের মতো ক্ষেত্রে ভারতীয় উদ্ভাবন বিশ্বমঞ্চে নজর কাড়ছে।
বিনিয়োগকারীদের উদ্দেশে মোদীর বার্তা, “আমাদের সরকার সুযোগ তৈরি করবে, শিল্প উদ্ভাবন করবে, স্টার্টআপ পরিবর্তনের নেতৃত্ব দেবে এবং বিশ্ব আমাদের সঙ্গে এগিয়ে যাবে।”
ভাষণের শেষে তিনি প্রযুক্তি জগতের নেতাদের উদ্দেশে আহ্বান জানান, “ভারতের সঙ্গে কাজ করুন এবং সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন।”
