দিল্লি — প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট-ইউজি ২০২৬ পরীক্ষার পুনঃপরীক্ষা রবিবার কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল দেশজুড়ে। দেশের ৫৫১টি শহরের ৫,৪৪০টি কেন্দ্র এবং বিদেশের ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। এই আবহেই পরীক্ষার্থীদের উদ্দেশে নির্ভয়ে ও উদ্বেগমুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘২২ লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষায় বসছে। তারা যেন কোনও ভয় বা মানসিক চাপ ছাড়াই পরীক্ষা দেয়। নিশ্চয়ই তারা ভাল ফল করবে। সকলের জন্য শুভেচ্ছা রইল।’
গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। পরে কেন্দ্রীয় সরকার সেই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেয়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। সেই পরিস্থিতিতে এ দিনের পরীক্ষাকে ঘিরে বিশেষ সতর্কতা নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি|
পরীক্ষা শুরু হয়েছে দুপুর ২টোয় এবং অতিরিক্ত ১৫ মিনিট-সহ বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার্থীরা ইংরেজি-সহ ১২টি ভারতীয় ভাষায় পরীক্ষা দিচ্ছেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রে বায়োমেট্রিক যাচাই, পরিচয়পত্র পরীক্ষা এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
ধর্মেন্দ্র প্রধান এ দিন পরীক্ষার্থীদের মধ্যে অযথা আতঙ্ক বা বিভ্রান্তি না ছড়ানোরও আবেদন জানান। তিনি বলেন, দেশের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কোনও ধরনের ছেলেখেলা করা উচিত নয়। এমন কোনও মন্তব্য বা আচরণ করা উচিত নয়, যা পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নাম না করে কিছু তথাকথিত দায়িত্বশীল ব্যক্তির সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, জনপ্রতিনিধি বা দায়িত্বশীল নাগরিকদের উচিত ছাত্রছাত্রীদের আরও মানসিক চাপে না ফেলে দায়িত্বশীল ভূমিকা পালন করা।
এ দিন সিবিএসই-র বকেয়া ফলাফল নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ১৫ লক্ষ ৫০ হাজারের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পুনর্মূল্যায়ন এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বাকি ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে।
অন্যদিকে পরীক্ষার আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৩ মে-র পরীক্ষার অ্যাডমিট কার্ড পুনঃপরীক্ষায় বৈধ হবে না। নতুন অ্যাডমিট কার্ড, বৈধ পরিচয়পত্র এবং পাসপোর্ট মাপের ছবি সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।
প্রশ্নফাঁস বিতর্কের তদন্ত এখনও চললেও কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যে নিট-ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই প্রশাসন কাজ করছে বলে সূত্রের খবর।
