35.1 C
Kolkata
June 21, 2026
রাজ্য

নিটে প্রশ্নফাঁস রুখতে ‘জিরো টলারেন্স’, শান্তিনিকেতনে কড়া বার্তা সুকান্ত মজুমদারের

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া NEET-UG 2026 পরীক্ষা রবিবার ফের শুরু হয়েছে। দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হওয়ার আগে সকাল ১১টা থেকেই পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। এই আবহে শান্তিনিকেতনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রশ্নফাঁস ইস্যুতে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বিশ্বভারতীর অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলেছে ককরোচ জনতা পার্টি। দলটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও চিঠি পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কটাক্ষের সুরে সুকান্ত মজুমদার বলেন, “কোথায় ককরোচ? আমি তো দেখতে পাচ্ছি না।”

দীর্ঘ বিতর্ক ও অনিশ্চয়তার পর ফের আয়োজিত হওয়া NEET-UG 2026 পরীক্ষায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়িয়ে মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিতে ব্যবহার করা হয়েছে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার। পাশাপাশি টেলিগ্রামসহ কিছু ডিজিটাল মাধ্যমের ব্যবহারেও কড়া নজরদারি চালানো হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১,৫০০ জন অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উপাচার্য জানান, রাজ্য প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Related posts

Leave a Comment