May 17, 2026
দেশ

নেদারল্যান্ডস সফরে ভারত-নেদারল্যান্ডস সম্পর্কের নতুন গতি, জানালেন মোদী

দ্য হেগ — নেদারল্যান্ডস সফর ভারত-নেদারল্যান্ডস সম্পর্ককে নতুন গতি দিয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফর শেষে সমাজমাধ্যমে বার্তা দিয়ে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনকে উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী লেখেন, ‘নেদারল্যান্ডস সফর ভারত-নেদারল্যান্ডস সম্পর্ককে নতুন গতি দিয়েছে। কৌশলগত অংশীদারিত্ব থেকে শুরু করে জলসম্পদ, সেমিকন্ডাক্টর, উদ্ভাবন, প্রতিরক্ষা, স্থায়িত্ব এবং পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ভবিষ্যতের জন্য উচ্চাভিলাষী রূপরেখা তৈরি করেছি।’

তিনি আরও জানান, বিমানবন্দরে এসে ব্যক্তিগত ভাবে বিদায় জানানোর জন্যও রব জেটেনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মোদীর কথায়, আগামী দিনে ভারত এবং নেদারল্যান্ডসের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।

নেদারল্যান্ডস সফর শেষে সুইডেনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তার আগে রব জেটেন নিজে বিমানবন্দরে গিয়ে তাঁকে বিদায় জানান।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল আফস্লুইটডাইক বাঁধ পরিদর্শন। জল ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং মিষ্টি জল সংরক্ষণে নেদারল্যান্ডসের দক্ষতার প্রতীক হিসেবে পরিচিত এই প্রকল্প ঘুরে দেখেন দুই প্রধানমন্ত্রী।

মোদী বলেন, ‘জলসম্পদ ব্যবস্থাপনায় নেদারল্যান্ডস বিশ্বের কাছে উদাহরণ। আফস্লুইটডাইক প্রকল্প ঘুরে দেখার সুযোগ হয়েছে। ভারতেও সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ জলপথ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি আনার জন্য আমরা কাজ করছি।’

শনিবার দ্য হেগে প্রধানমন্ত্রী রব জেটেনের সরকারি বাসভবন ক্যাটশুইসে বৈঠক করেন নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারত এবং নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের পারস্পরিক বিশ্বাস এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment