প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র ডান হাতে সফল অস্ত্রোপচার হয়েছে। কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন এবং সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হাতে ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি ভাল আছেন। অস্ত্রোপচারের বিষয়টি নীরবেই রাখতে চেয়েছিলেন। চাননি যে এই বিষয়ে খুব বেশি প্রচার হোক। আমরা কয়েক জন বিষয়টি জানতাম। আমাকে বলেই গিয়েছিলেন তিনি। আজ এসে দেখে গেলাম। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার ডান হাতে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার সেই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে শনিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।
এর আগেও একই হাতে গুরুতর চোট পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ২০২৪ সালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তাঁর ডান হাতে আঘাত লাগে। পরে সেই হাতেই অস্ত্রোপচার করতে হয়েছিল। সে সময় অভিনেতা জানিয়েছিলেন, একটি ছবির লুক টেস্টের প্রস্তুতির সময় দুর্ঘটনাটি ঘটে। অস্ত্রোপচারের পরে কিছুটা সুস্থ হয়ে কাজে ফিরলেও পরে আবার শৌচালয় থেকে বেরোনোর সময় পড়ে গিয়ে একই জায়গায় ফের আঘাত পান। সেই সময় তাঁকে দীর্ঘদিন চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে থাকতে হয়েছিল।
শারীরিক সমস্যার মধ্যেও ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও অভিনয়ের কাজে ফিরেছিলেন মিঠুন চক্রবর্তী। এবার একই হাতে ফের অস্ত্রোপচার হলেও চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং উদ্বেগের কোনও কারণ নেই।
previous post
