May 14, 2026
রাজ্য

আইনজীবীর পোশাকে হাই কোর্টে মমতা, ভোট-পরবর্তী হিংসা মামলায় নিজেই সওয়ালে

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্টে পৌঁছলেন। ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় নিজের দলের পক্ষেই আদালতে সওয়াল করতে দেখা গেল তাঁকে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় হিংসা, ভাঙচুর এবং রাজনৈতিক অশান্তির অভিযোগ তুলে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি হচ্ছে কলকাতা হাই কোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাগুলির যৌথ শুনানি শুরু হয়েছে।

আদালত সূত্রে খবর, একটি মামলায় কলকাতার নিউ মার্কেট সংলগ্ন এলাকায় ভোটের ফল ঘোষণার পর বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযানের অভিযোগ তোলা হয়েছে। এই মামলাটি দায়ের করেছেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

অন্যদিকে আরও একটি মামলায় অভিযোগ করা হয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের কর্মী এবং দলীয় কার্যালয়ের উপর হামলা চালানো হয়েছে। এই মামলাটি দায়ের করেছেন তৃণমূল নেতা তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষন্যা বন্দ্যোপাধ্যায়।

দুটি মামলাই একসঙ্গে শুনানির জন্য গ্রহণ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তাঁর পাশেই আদালত কক্ষে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন পর আদালতে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি ক্ষেত্রেও তিনি সরাসরি সক্রিয় ভূমিকা নিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে।

এদিকে আদালত চত্বরে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তৃণমূল সমর্থক এবং আইনজীবীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। শুনানি চলাকালীন আদালতের ভিতরে ও বাইরে প্রবল কৌতূহল তৈরি হয়।

Related posts

Leave a Comment