কলকাতা, ১১ জুন ২০২৬: রাজ্যে সরকার বদল হলেও বন্ধ হচ্ছে না সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যের খাবার প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার তৃতীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ‘মা ক্যান্টিন’ প্রকল্প চালু থাকবে, তবে নতুন নামে। এবার থেকে প্রকল্পটির নাম হবে ‘মা আহার’।
বৈঠক শেষে মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল জানান, বর্তমানে যেখানে ৩৯০টি কেন্দ্রে ৫ টাকায় খাবার দেওয়া হয়, সেখানে আরও ১১০টি নতুন কেন্দ্র যুক্ত করা হচ্ছে। ফলে রাজ্যজুড়ে মোট ৫০০টি কেন্দ্রে সাধারণ মানুষ এই সুবিধা পাবেন।
দিলীপ ঘোষ বলেন, রাজ্যের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য এই প্রকল্প আরও বিস্তৃত করা হবে। নাম পরিবর্তন হলেও স্বল্পমূল্যে খাবার দেওয়ার পরিষেবা আগের মতোই চালু থাকবে।
এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, বুধবারই ২৮ লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাঠানো হবে। পাশাপাশি ভবিষ্যতে নতুন আবেদনকারীদের ফর্ম যাচাই সম্পন্ন হলেই সরাসরি তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও এবার থেকে ২০ জুন সরকারি ভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। সরকারের দাবি, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক এলাকায় বিএসএফের জন্য জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় বেড়া নির্মাণ প্রকল্পের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
একই সঙ্গে সেবক-রংপুর ব্রডগেজ রেল প্রকল্পের জন্য নাগরাকাটায় খাস জমি রেলকে দেওয়ার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বনদফতরের প্রয়োজনীয় জমি হস্তান্তরের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে সুরজিৎনাথ মিত্রের নিয়োগেও মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। সব মিলিয়ে তৃতীয় মন্ত্রিসভার বৈঠকে জনকল্যাণ, অবকাঠামো ও প্রশাসনিক একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিল শুভেন্দু সরকার।
