August 3, 2026
খেলা

লাভলিনার আপত্তির পর ক্ষমা রেস্তোরাঁর, বন্ধ হল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

গ্লাসগো: কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকালের সেরা বক্সিং সাফল্যের উদ্‌যাপনের মাঝেই গ্লাসগোর একটি ভারতীয় রেস্তোরাঁকে ঘিরে তৈরি হল বিতর্ক। ভারতের ভুল মানচিত্র ব্যবহার করার অভিযোগ ওঠার পর প্রকাশ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এর কিছু ক্ষণের মধ্যেই রেস্তোরাঁটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর দেখা যায়নি। সেটি সাময়িক ভাবে নিষ্ক্রিয় করা হয়েছে, না কি মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি।

ঘটনাটি গ্লাসগোর জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ ‘মিস্টার সিং’স ইন্ডিয়া – দ্য হোম অব কারি’-তে। কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সিং দলের রেকর্ড সাফল্যের পর গোটা দল সেখানে নৈশভোজে গিয়েছিল। এই আসরে ভারতীয় বক্সাররা সাতটি সোনা এবং তিনটি রুপো জিতে ইতিহাস গড়েছেন।

নৈশভোজ চলাকালীন অসমের অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁইয়ের নজরে আসে, রেস্তোরাঁর লোগো, বাইরে প্রদর্শিত মানচিত্র এবং টিস্যু পেপারে ছাপা ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল দেখানো হয়নি। বিষয়টি দেখেই তিনি শান্তভাবে রেস্তোরাঁ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লাভলিনাকে বলতে শোনা যায়, ‘দয়া করে আমার কথাটা অন্য ভাবে নেবেন না। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্বাঞ্চল নেই। বাইরে যে মানচিত্রটি লাগানো রয়েছে, সেখানেও উত্তর-পূর্বাঞ্চলকে কেটে দেওয়া হয়েছে। আমি উত্তর-পূর্বের মানুষ। তাই এটা আমাদের খুব আঘাত দেয়। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম। ভবিষ্যতে দয়া করে বিষয়টি মাথায় রাখবেন। ধন্যবাদ।’

ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি অজয় সিংও বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন। পরে তিনি জানান, পুরো বিষয়টি শান্তিপূর্ণ পরিবেশেই হয়েছে। কোনও রকম অশান্তি বা বচসার পরিস্থিতি তৈরি হয়নি। তাঁর কথায়, বিষয়টি জানানো মাত্রই রেস্তোরাঁ কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে এবং দ্রুত সংশোধনের আশ্বাস দেয়।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর রেস্তোরাঁ কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চায়। তারা জানায়, ভুল মানচিত্র ব্যবহার করা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। দ্রুত লোগো, ন্যাপকিন এবং অন্যান্য জায়গায় ব্যবহৃত মানচিত্র সংশোধন করা হবে বলেও জানানো হয়। একই সঙ্গে ভারতীয় বক্সিং দলকে আতিথ্য জানাতে পেরে তারা নিজেদের গর্বিত বলেও উল্লেখ করে।

তবে ক্ষমাপ্রার্থনার ওই বিবৃতি প্রকাশের কিছু সময় পর থেকেই রেস্তোরাঁটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। সেটি সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে, না কি স্থায়ী ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেনি।

কমনওয়েলথ গেমসে ভারতের ঐতিহাসিক সাফল্যের আবহে এই ঘটনাটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যদিও ভারতীয় দলের আপত্তির পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ দ্রুত ভুল স্বীকার করে সংশোধনের প্রতিশ্রুতি দেওয়ায় পরিস্থিতি আর জটিল আকার নেয়নি।

Related posts

Leave a Comment