২২ মে, ঝাড়গ্রাম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা কুড়িয়েছিলেন ঝাড়গ্রামের ‘চবনলাল স্পেশ্যাল ঝালমুড়ি’র বিক্রেতা বিক্রমকুমার সাউ। কিন্তু সেই জনপ্রিয়তার পরই এবার হুমকির মুখে পড়তে হল তাঁকে। অভিযোগ, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে একের পর এক হুমকিবার্তা আসছে তাঁর কাছে। ঘটনায় ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন বিক্রম।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিধানসভা ভোটের প্রচারে ঝাড়গ্রামে এসে রাস্তার ধারের ওই দোকান থেকেই ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। পরে বিদেশ সফরেও সেই ঝালমুড়ির প্রশংসা করেন তিনি। এরপর থেকেই বিক্রমের দোকানে ভিড় ও বিক্রি কয়েকগুণ বেড়ে যায়।
তবে জনপ্রিয়তার মাঝেই শুরু হয় হুমকি। পরিবার সূত্রে খবর, ভিডিও কলে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দোকানের আশপাশে সাদাপোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এখনও আতঙ্ক কাটেনি সাউ পরিবারের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হুমকির উৎস ও নম্বরগুলি খতিয়ে দেখা হচ্ছে।
