27.7 C
Kolkata
July 31, 2026
কলকাতা

ভদ্রেশ্বরে লাইনচ্যুতি, হাওড়ায় ওভারহেড তারে গোলযোগ— একদিনে জোড়া সমস্যায় বিপর্যস্ত রেল পরিষেবা

পরপর দু’টি ঘটনায় বড় ধাক্কা খেল পূর্ব রেল (Eastern Railway)। শুক্রবার সকালে ভদ্রেশ্বর (Bhadreshwar) স্টেশনের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর অফিসযাত্রার ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান (Howrah-Bardhaman Main Line) মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়ার আগেই দুপুরে হাওড়া স্টেশন (Howrah Station) সংলগ্ন এলাকায় ওভারহেড তারে (Overhead Equipment) প্রযুক্তিগত গোলযোগ দেখা দেওয়ায় নতুন করে সমস্যার সৃষ্টি হয়।

রেল সূত্রের খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ আপ লাইন থেকে রিভার্স লাইনে ওঠার সময় মালগাড়ির ইঞ্জিনের দু’টি চাকা লাইন থেকে নেমে যায়। রিভার্স লাইন দিয়ে প্রয়োজন অনুযায়ী দুই দিকের ট্রেন চালানো হয়। ফলে ওই লাইনে ইঞ্জিন আটকে যাওয়ায় ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। উদ্ধারকারী দল এবং পূর্ব রেলের ডিআরএম (DRM) তুষার কপূর (Tushar Kapoor) ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজ তদারকি করেন।

দুপুর প্রায় ২টো নাগাদ হাওড়া স্টেশন ছেড়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই একটি আপ বর্ধমান স্পেশাল ট্রেন রুট রিলে ইন্টারলকিং (Route Relay Interlocking) কেবিনের সামনে দাঁড়িয়ে যায়। তদন্তে জানা যায়, ১ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগে ওভারহেড তারে ত্রুটি দেখা দিয়েছিল। দ্রুত মেরামতির কাজ শুরু করে রেলের প্রকৌশল বিভাগ। বিকেল সাড়ে ৩টে নাগাদ ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এদিকে আগস্টের শুরুতেই ট্র্যাক সংস্কারের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। পাশাপাশি শ্রাবণী মেলাকে কেন্দ্র করে হাওড়া-তারকেশ্বর শাখাতেও পরিষেবার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যেই শুক্রবারের এই জোড়া প্রযুক্তিগত বিপর্যয়ে নিত্যযাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

Related posts

Leave a Comment