বলিউডের বহুচর্চিত ছবি ‘হেরা ফেরি ৩’-কে ঘিরে জটিলতা যেন কাটছেই না। পরিচালক প্রিয়দর্শনের সরে দাঁড়ানোর পর এবার ছবির স্বত্ব নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিনেতা অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা Cape of Good Films LLP একটি প্রকাশ্য আইনি বিজ্ঞপ্তি জারি করে দাবি করেছে, ‘হেরা ফেরি ৩’-এর সমস্ত অধিকার একমাত্র তাদের কাছেই রয়েছে।
গত ৪ জুলাই ট্রেড ম্যাগাজিন Complete Cinema-তে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সংস্থার তরফে জানানো হয়েছে, ‘হেরা ফেরি ৩’-এর প্রযোজনা, বিপণন, বিতরণ, সম্প্রচার, ডিজিটাল রিলিজ, ওটিটি, টেলিভিশন এবং ভবিষ্যতের যে কোনও প্রযুক্তিগত মাধ্যমে ছবির বাণিজ্যিক ব্যবহারের একচ্ছত্র অধিকার তাদেরই। সংস্থার দাবি, এই অধিকার বিশ্বব্যাপী, স্থায়ী এবং অপরিবর্তনীয়।
বিজ্ঞপ্তিতে শুধু অধিকার দাবি করেই থেমে থাকেনি কেপ অফ গুড ফিল্মস। চলচ্চিত্র জগতের প্রযোজক, পরিবেশক, মাল্টিপ্লেক্স চেইন, ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশন সংস্থা, বিজ্ঞাপনদাতা, লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সতর্ক করে বলা হয়েছে, Cape of Good Films LLP-এর লিখিত অনুমতি ছাড়া কোনও তৃতীয় পক্ষের সঙ্গে ‘হেরা ফেরি ৩’ সংক্রান্ত কোনও ধরনের চুক্তি বা আলোচনা করা হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকারও সংস্থা সংরক্ষণ করেছে।
এই ঘোষণার সময়ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ গত কয়েক সপ্তাহ ধরেই ‘হেরা ফেরি ৩’ নানা বিতর্কের কেন্দ্রে রয়েছে। সম্প্রতি পরিচালক প্রিয়দর্শন প্রকাশ্যে জানান, প্রযোজক ফিরোজ নাডিয়াদওয়ালার সঙ্গে একাধিক মতবিরোধ এবং অসম্মানজনক আচরণের কারণে তিনি এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন।
এক সাক্ষাৎকারে প্রিয়দর্শনের দাবি, ফিরোজ নাডিয়াদওয়ালা অক্ষয় কুমারকে জানিয়েছিলেন যে, ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব তাঁর কাছেই রয়েছে, তবে তিনি চান না ছবিটি প্রিয়দর্শনের পরিচালনায় তৈরি হোক। এমনকি ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘হেরা ফেরি’ ছবির সম্পাদনা নিয়েও তাঁকে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ পরিচালকের।
সব বিতর্কের পরও প্রিয়দর্শন ছবিটি পরিচালনা করতে রাজি হয়েছিলেন, কারণ তাঁর বিশ্বাস ছিল, ‘হেরা ফেরি ৩’ ভারতের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হতে পারে। তবে পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজেকে এই প্রকল্প থেকে সরিয়ে নেন।
প্রথম থেকেই এই ছবিতে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে নিয়ে পুরনো জনপ্রিয় ত্রয়ীকে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল। কিন্তু শুটিং শুরুর আগেই একের পর এক বিতর্ক, কাস্ট পরিবর্তন, আইনি টানাপোড়েন এবং স্বত্ব নিয়ে বিরোধের কারণে ছবির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। অক্ষয়ের সংস্থার সাম্প্রতিক আইনি বিজ্ঞপ্তির পর ‘হেরা ফেরি ৩’-এর জট আরও গভীর হল বলেই মনে করছে বলিউড মহল।
