দেশজুড়ে দ্রুত বাড়ছে তাপমাত্রা। একাধিক রাজ্যে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় চরম অস্বস্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে India Meteorological Department (IMD) মহারাষ্ট্র, ছত্তিশগড়-সহ ১০টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বিদর্ভ, পশ্চিম মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের কিছু এলাকায় ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান ও পূর্ব মধ্যপ্রদেশেও একই পরিস্থিতি বজায় থাকবে।
ঝাড়খণ্ডে ২২ এপ্রিল পর্যন্ত এবং পশ্চিম উত্তরপ্রদেশে ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও ওড়িশাতেও তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তির কোনও ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৫ এপ্রিল পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় বিশেষ সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। Kolkata-সহ গোটা অঞ্চলে গরম ও আর্দ্রতা বাড়বে। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহবিদদের মতে, এপ্রিল ও মে মাস জুড়ে দেশের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।
