April 20, 2026
দেশ

ভোটে নজরদারিতে AI, প্রতিটি বুথে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে কমিশন

কলকাতা —বিধানসভা নির্বাচনে এবার নজরদারিতে বড় প্রযুক্তিগত বদল আনতে চলেছে Election Commission of India। প্রতিটি বুথে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।

প্রতিটি বুথে বসানো থাকবে নজরদারি ক্যামেরা, যা একটি নির্দিষ্ট কন্ট্রোল রুম থেকে পরিচালিত হবে। এই ক্যামেরাগুলির সঙ্গে যুক্ত থাকবে AI প্রযুক্তি, যা রিয়েল টাইমে কোনও অসংগতি বা সমস্যা শনাক্ত করতে পারবে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বুথে কোনও সমস্যা তৈরি হলে AI তা সঙ্গে সঙ্গে শনাক্ত করে কন্ট্রোল রুমে জানাবে। ফলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতে পারবেন।

কীভাবে কাজ করবে এই ব্যবস্থা?
প্রথমে AI কোনও অস্বাভাবিকতা শনাক্ত করবে। এরপর সেই তথ্য মাইক্রো-অবজার্ভারের কাছে পৌঁছবে। তিনি যাচাই করে তথ্য পাঠাবেন অবজার্ভার, রিটার্নিং অফিসার বা সেক্টর অফিসারের কাছে।

বিভিন্ন স্তরে একাধিক কন্ট্রোল রুম তৈরি করা হবে। জেলা নির্বাচনী আধিকারিক, চিফ ইলেকটোরাল অফিসার এবং কমিশনের সদর দফতর থেকেও ভিডিও নজরদারি চলবে। প্রতিটি স্ক্রিনে একসঙ্গে ১২টি বুথের ছবি দেখা যাবে।

প্রতিটি ক্যামেরা ক্লাউড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে এবং আলাদা মেমোরি কার্ডেও সারাদিনের ফুটেজ সংরক্ষণ করা হবে। পাশাপাশি AI-এর পাশাপাশি ম্যানুয়াল চেকিংও চলবে।

কী কী ধরতে পারবে AI?
নির্দেশিকা অনুযায়ী, একটি বুথে একসঙ্গে চারজনের বেশি ভোটার থাকতে পারবেন না। এই সীমা অতিক্রম হলেই AI তা শনাক্ত করবে।
এছাড়া EVM-এর কাছে নির্দিষ্ট সংখ্যার বেশি লোক জড়ো হলেও তা ধরা পড়বে। এমনকি ভোটযন্ত্রে কোনও সমস্যা হলে এবং সেখানে অতিরিক্ত ভিড় জমলেও সেটিও শনাক্ত করতে পারবে এই প্রযুক্তি।
নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতেই এই আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related posts

Leave a Comment