নিজস্ব সংবাদদাতা, জয়নগর— রেস্তরাঁ বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শাটার ভেঙে চুরির ঘটনা। নগদ টাকা থেকে বাসনকোসন, কিছুই বাদ যায়নি চোরেদের হাত থেকে। এমনকি চুরি করা কিছু সামগ্রী বিক্রিও করে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে নেমে চার মহিলাকে গ্রেপ্তার করল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার পুলিশ। ধৃত চার জনই মহিলা। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগরের রথতলা-বাণী সিনেমাহল সংলগ্ন এলাকার একটি রেস্তরাঁয় গত ১৫ নভেম্বর চুরির ঘটনা ঘটে। অভিযোগ, রাতের দিকে রেস্তরাঁ বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর শাটার ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। সেখান থেকে নগদ টাকা, বাসনকোসন-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা। রেস্তরাঁর মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে অভিযুক্তদের শনাক্ত করেন তদন্তকারীরা। ধৃতদের নাম সেরিনা শেখ, রোজিনা মোল্লা, হালিমা লস্কর এবং ফিরোজা পাইক। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে চার জনই চুরির কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে নগদ টাকা এবং বাসনকোসন-সহ চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। চুরি করা কিছু জিনিস ইতিমধ্যেই বিক্রি করে দেওয়া হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।
পুলিশের দাবি, ধৃত চার মহিলার বিরুদ্ধে অতীতেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। বিভিন্ন দোকান ও রেস্তরাঁয় চুরির ঘটনায় তাঁদের নাম জড়িয়েছিল। এমনকি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দলবদ্ধভাবে চুরির অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
ধৃতেরা প্রত্যেকেই দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত রামায়ণপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার তাঁদের বারুইপুর আদালতে হাজির করানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, চুরি যাওয়া বাকি সামগ্রী কোথায় রয়েছে এবং অভিযুক্তদের অন্য কোনও চুরির ঘটনায় যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
