32 C
Kolkata
October 16, 2026
দেশ

ক্রিকেট অ্যাকাডেমিতে পিচ রোলারের ধাক্কায় মৃত্যু ৮ বছরের শিশুর

গুরুগ্রাম: ক্রিকেট অ্যাকাডেমিতে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল আট বছরের এক শিশুর। মাঠে রাখা পিচ রোলার আচমকা গড়িয়ে এসে তাকে চাপা দেয় বলে অভিযোগ। মৃত শিশুর নাম আকাশ কুমার। সে বিহারের নালন্দার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে অ্যাকাডেমি চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে ভাই নীল এবং কয়েক জন বন্ধুর সঙ্গে গুরুগ্রামের একটি ক্রিকেট অ্যাকাডেমিতে খেলতে গিয়েছিল আকাশ। খেলার সময় মাঠে রাখা পিচ রোলারটি আচমকা গড়াতে শুরু করে। দ্রুত গতিতে সেটি আকাশের দিকে এগিয়ে আসায় সরে যাওয়ার সুযোগ পায়নি সে। মুহূর্তের মধ্যে রোলারের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয় শিশুটি।

ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে সঙ্গে থাকা অন্য শিশুরা। তারা চিৎকার করে সেখান থেকে সরে যায়। আওয়াজ শুনে আকাশের পরিবারের সদস্য এবং অ্যাকাডেমির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় পিচ রোলারটির দেখভালের জন্য মাঠে কোনও কর্মী উপস্থিত ছিলেন না। অভিযোগ, অন্য এক খুদে ক্রিকেটারের হাত কোনওভাবে রোলারের গায়ে লাগায় সেটি চালু হয়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গড়াতে শুরু করে।

অ্যাকাডেমিতে নিরাপত্তার ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মাঠে ভারী যন্ত্র রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছিল কি না, তাও তদন্তের আওতায় রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আকাশের পরিবারে নেমে এসেছে গভীর শোক।

Related posts

Leave a Comment