30 C
Kolkata
April 26, 2026
কলকাতা

ডায়মন্ড হারবারে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, বাইক মিছিল ঘিরে এফআইআর

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে চাঞ্চল্য ছড়াল। নির্বাচন কমিশনের নির্দেশে ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগ, বাইক মিছিল করে এসে একদল দুষ্কৃতী ভোটারদের উদ্দেশে হুমকির সুরে স্লোগান দেয়।

অভিযোগ অনুযায়ী, কাকদ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কয়েকটি মোটরবাইকে করে আসা দুষ্কৃতীরা প্রকাশ্যে ভোটারদের ভয় দেখায় এবং জানায়, ‘৪ মে-র পর ব্যবস্থা নেওয়া হবে।’ এই মন্তব্য ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়ে। কমিশন সঙ্গে সঙ্গেই স্থানীয় নির্বাচন আধিকারিক ও পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। রবিবারের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়।

নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডায়মন্ড হারবার থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ভয় দেখানো, হুমকি দেওয়া, শান্তিভঙ্গের চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় কোনওরকম অশান্তি যাতে না হয়, সে বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেই ডায়মন্ড হারবারে দায়িত্বে গাফিলতির অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার-সহ পাঁচ পুলিশ আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ৪ মে ভোটগণনা হওয়ার কথা। তার আগে এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে।

Related posts

Leave a Comment