35 C
Kolkata
May 21, 2026
দেশ

স্কুলের বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প ফের চালু করছে দিল্লি সরকার, বছরে সঞ্চয় হবে ৫০ কোটি লিটার জল

দিল্লি — রাজধানীর ৭৫টি মুখ্যমন্ত্রী শ্রী স্কুলে (CM Shri Schools) বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প ফের চালু করার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানান, এই উদ্যোগের মাধ্যমে বছরে প্রায় ৫০ কোটি লিটার বৃষ্টির জল সংরক্ষণ করা সম্ভব হবে।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর সামনে এই প্রকল্প নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা করা হয়। সেখানে স্কুলগুলিতে থাকা বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থার বর্তমান অবস্থা, বিভিন্ন ত্রুটি এবং পুনরুজ্জীবনের পরিকল্পনা তুলে ধরা হয়।

রেখা গুপ্ত বলেন, ‘জল সংরক্ষণ আরও শক্তিশালী করা, ভূগর্ভস্থ জলের স্তর বাড়ানো এবং ছাত্রছাত্রীদের মধ্যে জল বাঁচানোর বিষয়ে সচেতনতা তৈরি করাই সরকারের মূল লক্ষ্য।’

সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৭৫টি স্কুলে থাকা জল সংরক্ষণ পরিকাঠামোর সমীক্ষা সম্পূর্ণ হয়েছে। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ স্কুলেই বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা থাকলেও বহু বছর ধরে সেগুলি অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

কিছু ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ জানতেনই না যে তাঁদের স্কুলে এমন কোনও পরিকাঠামো রয়েছে। আবার কোথাও কোথাও বৃষ্টির জল সরাসরি নিকাশিতে চলে যাচ্ছে বলেও ধরা পড়েছে।

মুখ্যমন্ত্রী জানান, ‘এহসাস’ মডেল অনুসরণ করে এই প্রকল্প বাস্তবায়িত হবে। দিল্লি জল বোর্ড ২০২১ সালে এই মডেল অনুমোদন করেছিল। কম খরচ, কম জায়গা এবং প্রায় রক্ষণাবেক্ষণহীন হওয়ায় এই পদ্ধতিকে কার্যকর বলে মনে করা হচ্ছে।

এই ব্যবস্থায় ছাদের জল সংগ্রহ করে তা পরিশোধনের মাধ্যমে সংরক্ষণ ট্যাঙ্ক এবং বোরওয়েলের সঙ্গে যুক্ত করা হবে। এতে ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ সম্ভব হবে এবং শুকিয়ে যাওয়া বোরওয়েলও ফের সচল হতে পারে বলে মনে করছে প্রশাসন।

রেখা গুপ্ত জানান, গড়ে দিল্লিতে বছরে প্রায় ৭৭৫ মিলিমিটার বৃষ্টি হয়। প্রায় আড়াই হাজার বর্গফুট ছাদ থেকে বছরে প্রায় ২ লক্ষ লিটার জল সংরক্ষণ সম্ভব। এই জল একটি পাঁচ সদস্যের পরিবারের বার্ষিক প্রয়োজন মেটাতে সক্ষম।

স্কুলগুলির ছাদ থেকেই বছরে প্রায় ১৩ কোটি লিটার জল সংরক্ষণ করা যেতে পারে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সব মিলিয়ে ৭৫টি স্কুলের জলধারণ ক্ষমতা বছরে প্রায় ৫০ কোটি লিটারে পৌঁছতে পারে।

এই প্রকল্পের অংশ হিসেবে ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে জল সংরক্ষণ বিষয়ে সচেতনতা কর্মশালাও আয়োজন করা হবে।

Related posts

Leave a Comment