দার্জিলিং — বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে জোরদার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই কার্যকর করা শুরু হয়েছে।
জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় কড়া পাহারা বসানো হয়েছে। প্রশাসনের দাবি, প্রতিটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিশেষ নজর রেখে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভোট পরিচালনার জন্য দার্জিলিং জেলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাহিনী পৌঁছে গিয়েছে, আরও বাহিনী আসার কথা রয়েছে। কালিম্পং জেলাতেও পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলায় প্রায় ১১ লক্ষেরও বেশি ভোটারের জন্য ১৪৬৫টি ভোটকেন্দ্র এবং অতিরিক্ত ৫২টি বুথ রাখা হয়েছে। অন্যদিকে কালিম্পং জেলায় প্রায় ২ লক্ষ ভোটারের জন্য ২৯৩টি বুথ নির্ধারণ করা হয়েছে।
পাহাড়ি দুর্গম ভৌগলিক পরিস্থিতির কারণে ভোট পরিচালনা এখানে বিশেষ চ্যালেঞ্জ। দার্জিলিংয়ের শ্রীখোলা এলাকার একটি দুর্গম বুথে পৌঁছাতে ভোটকর্মীদের দু’দিন আগে যাত্রা শুরু করতে হবে।
এছাড়া যেসব এলাকায় মোবাইল ও ইন্টারনেট সংযোগ দুর্বল, সেখানে বিকল্প ব্যবস্থা হিসেবে ভিডিও রেকর্ডিং, স্যাটেলাইট ফোন এবং বেতার যোগাযোগ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোট প্রক্রিয়ার উপর নজর রাখতে একাধিক পুলিশ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় নাকা চেকিং, টহলদারি ও দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন রাখা হয়েছে।
প্রশাসনের মতে, এই সমস্ত পদক্ষেপের মূল লক্ষ্য হল পাহাড়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করা। তৃণমূল কংগ্রেসের দাবি, উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
next post
