24 C
Kolkata
May 29, 2026
রাজ্য

তৃণমূল বিধায়কদের বাড়িতে সিআইডি, সই বিতর্কে তদন্তে নতুন মোড়

বিধানসভায় পরিষদীয় দলের জমা দেওয়া চিঠির স্বাক্ষর নিয়ে বিতর্কের জেরে তৃণমূলের চার বিধায়কের বাড়িতে পৌঁছল সিআইডি। বৃহস্পতিবার তদন্তকারী দল যায় নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, বাহারুল ইসলাম এবং তাপস মাইতির বাড়িতে। অভিযোগ, পরিষদীয় দলের চিঠিতে থাকা সইয়ের সঙ্গে বিধায়কদের মূল স্বাক্ষরের মিল পাওয়া যাচ্ছে না।

শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করে তৃণমূল পরিষদীয় দলের তরফে বিধানসভার সচিবের কাছে একটি চিঠি জমা দেওয়া হয়েছিল। সেই চিঠিতেই সই সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ ওঠে। বিধানসভার প্রোটেম স্পিকার তাপস রায়ের সামনে করা স্বাক্ষরের সঙ্গে জমা পড়া চিঠির সই মিলছে না বলে অভিযোগ দায়ের হয় হেয়ার স্ট্রিট থানায়। সেই মামলার তদন্ত করছে সিআইডি।

সূত্রের খবর, লালবাজারকে হস্তাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে সহায়তা করছে সিআইডি। তদন্তের অংশ হিসাবেই বিধায়কদের সঙ্গে কথা বলতে যায় তদন্তকারী দল।

চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি দু’বার যায়। প্রথমবার তিনি বাড়িতে না থাকলেও পরে ফোনে কথা হয়। সন্ধ্যায় ফের তাঁর তালতলার বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। নয়নার দাবি, তাঁকে একটি চিঠি দেখিয়ে জানতে চাওয়া হয় সেটি তাঁর সই কি না। তিনি স্বীকার করেন, জায়গা কম থাকায় ওইভাবে সই করেছিলেন। গোটা প্রক্রিয়ার ভিডিও রেকর্ডও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নয়নার কথায়, “আমি পাঁচ বারের বিধায়ক। এটা আমার কাছে অসম্মানজনক।” তিনি গোটা বিষয়টি বিরোধী দলনেতাকে জানিয়েছেন বলেও জানান।

অন্যদিকে, কুণাল ঘোষের বাড়িতেও পৌঁছয় সিআইডি। যদিও বেলেঘাটার বিধায়ক তখন বাড়িতে ছিলেন না। পরে ফোনে কথা বলে তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই নিজে গিয়ে তদন্তে সহযোগিতা করবেন।

এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।

Related posts

Leave a Comment