রায়গড় — ছত্তিশগড়ের বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। আহত আরও এক শ্রমিকের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঘটনাটি ঘটেছে বেদান্ত-র বিদ্যুৎ কেন্দ্রে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝাড়খন্ডের শ্রমিক মনীশ কুমার গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। রায়গড় মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। গত ১৪ এপ্রিল সকতি জেলার সিংঘিটারাই গ্রামের ওই বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় তিনি আহত হন।
এই দুর্ঘটনায় মোট ৩৬ জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। এখনও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বয়লার থেকে টারবাইনে যাওয়ার উচ্চচাপের বাষ্পবাহী পাইপে বিস্ফোরণ ঘটে। মুখ্য বয়লার পরিদর্শকের প্রাথমিক রিপোর্টে সম্ভাব্য গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত জ্বালানি জমে গিয়ে চাপ বৃদ্ধি পাওয়ায় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে অনুমান।
ঘটনার তদন্তে একাধিক সংস্থা নেমেছে। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গত দু’সপ্তাহের উৎপাদন সংক্রান্ত নথি খতিয়ে দেখেছে। পাশাপাশি গত এক মাসে কারিগরি কারণে বন্ধ থাকার রেকর্ডও পরীক্ষা করা হয়েছে।
সূত্রের খবর, গত এক বছরে ওই কেন্দ্রে একাধিক কারিগরি সমস্যা দেখা দিয়েছিল। বিস্ফোরণের কয়েক দিন আগেও কেন্দ্রটি বন্ধ ছিল বলে জানা গিয়েছে।
প্রশাসন জানিয়েছে, ঘটনার সঠিক কারণ চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পরই স্পষ্ট হবে। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নিয়েও সুপারিশ করা হবে।
