আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে ফের তৎপর সিবিআই। ঘটনার রাতে হাসপাতালের যে ভবনে নির্যাতিতা কর্মরত ছিলেন, সেখানকার চিকিৎসক, নার্স, নিরাপত্তাকর্মী-সহ একাধিক কর্মীকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে। সেই রাতে এমন কোনও গুরুত্বপূর্ণ ঘটনা বা তথ্য তদন্তকারীদের নজর এড়িয়ে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ বলে সূত্রের খবর।
সিবিআইয়ের নতুন তদন্তকারী দল ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নতুন দলটি আগের তদন্তের নথি খতিয়ে দেখার পাশাপাশি নির্যাতিতার পরিবারের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতেও তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।
নির্যাতিতার পরিবার প্রথম থেকেই অভিযোগ করে আসছে, ঘটনার রাতে হাসপাতালে উপস্থিত কয়েক জন চিকিৎসক ও নার্সের বক্তব্য যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়নি। বিশেষ করে এক নার্সের বয়ানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। ওই নার্সের মোবাইলে সেই রাতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা ঘটনার রেকর্ড থাকতে পারে বলেও অভিযোগ উঠেছিল।
পরিবারের দেওয়া এই তথ্যের ভিত্তিতেই নতুন করে সংশ্লিষ্ট কর্মীদের বয়ান রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহ জুড়ে একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আরজি কর মামলার তদন্তে নতুন বিশেষ তদন্তকারী দল দায়িত্ব নেওয়ার পর থেকেই তদন্তের পুরনো নথি এবং নতুন করে পাওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। আদালতও নতুন তদন্তে কী অগ্রগতি হয়েছে, তা জানতে চেয়েছে। আগামী ২৮ অগস্ট তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জানানোর কথা রয়েছে সিবিআইয়ের।
উল্লেখ্য, প্রথমে কলকাতা পুলিশ এই মামলার তদন্ত করেছিল। পরে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। সিবিআইয়ের চার্জশিটে সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছিল এবং শিয়ালদহ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে তদন্ত নিয়ে নির্যাতিতার পরিবার অসন্তোষ প্রকাশ করে নতুন করে তদন্তের দাবি জানায়। সেই প্রেক্ষাপটে সিবিআই নতুন তদন্তকারী দল গঠন করে।
