July 12, 2026
কলকাতা

বিজেপির রাজ্যসভা প্রার্থী হিসেবে সোমবার মনোনয়ন জমা দেবেন সুখেন্দুশেখর, সুস্মিতা ও প্রকাশ

কলকাতা — তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই সংসদীয় রাজনীতিতে বড় দায়িত্ব পাচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন এই তিন নেতা। আগামী ২৪ জুলাই তিনটি শূন্য আসনের জন্য ভোটগ্রহণ হবে।

গত ৯ জুলাই সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তৃণমূলের প্রাক্তন এই তিন সাংসদ। দলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করে।এই

সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কারণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর বিজেপির তরফে বারবার জানানো হয়েছিল যে, তৃণমূল থেকে আসা নেতাদের জন্য দলের দরজা আপাতত বন্ধ থাকবে। সেই প্রেক্ষাপটে সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশের প্রার্থীপদ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীক বলেন, দুর্নীতি বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিজেপির দরজা বন্ধ থাকলেও এই তিন নেতার ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। তাঁর দাবি, তাঁরা প্রত্যেকেই অভিজ্ঞ ও সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব। সংবাদমাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁদের পরিচয় এখন বিজেপির কর্মী হিসেবেই দেখা উচিত।

উল্লেখ্য, গত মাসে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়। এরপর দল ছাড়েন সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও। দল ছাড়ার পর তৃণমূলের সংগঠন, নেতৃত্ব এবং দলের অভ্যন্তরীণ কার্যপ্রণালী নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন সুখেন্দুশেখর।

তিনি দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের পর কোনও আত্মসমীক্ষা হয়নি। পাশাপাশি তৃণমূলের জাতীয় স্তরের নেতাদের সম্পত্তির উৎস খতিয়ে দেখারও দাবি জানিয়েছিলেন তিনি।

এদিকে, সোমবার বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে রাজ্যসভার উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অংশ নেবেন বিজেপির এই তিন প্রার্থী। বর্তমান রাজনৈতিক সমীকরণে তাঁদের প্রার্থীপদকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment