সংবাদ কলকাতা — বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির দাপট থাকতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় রয়েছে সেটি। এই ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।
এর পাশাপাশি সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখাও। পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহান হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে সেই অক্ষরেখা। বাঁকুড়া থেকে দক্ষিণ দিকে বাঁক নিয়ে তা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে কয়েক দিন ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

শনিবার কলকাতা, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
সোমবার ও মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মঙ্গলবারের পর ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কমতে পারে।
উত্তরবঙ্গেও শনিবার সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।
