বারুইপুর — দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তকারী অফিসার (আইও) বদল করল পুলিশ। এ বার মামলার তদন্তভার দেওয়া হয়েছে জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার আধিকারিক শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। মামলার তদন্তের গতি আরও বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রথমে এই মামলার তদন্তভার ছিল জেলা পুলিশের আধিকারিক দিগন্ত মণ্ডলের হাতে। পরে সেই দায়িত্ব দেওয়া হয় বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে। এ বার তাঁর পরিবর্তে তদন্তের দায়িত্ব পেলেন ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়|
পুলিশ সূত্রে খবর, মামলার সমস্ত দিক নতুন করে পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রমাণ সংগ্রহ এবং সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের কাজও চলছে।
উল্লেখ্য, এই গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে এক জন পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। সেই এনকাউন্টার সংক্রান্ত ঘটনার পৃথক তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ।
শনিবার বারুইপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের সহযোগিতা ও সুবিচারের আশ্বাস দেন। তিনি তদন্তকারী আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন এবং তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।
সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই এলাকায় একটি নতুন পুলিশ ফাঁড়ির দাবি উঠেছিল। কয়েক দিন আগে সেই দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণার চার দিনের মাথায় শনিবার সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন তিনি।
নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে একটি একরত্তি মেয়েকে যেভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, তা অত্যন্ত নৃশংস। পরিবার তদন্তে সহযোগিতা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। প্রথম থেকেই আমরা তাঁদের পাশে রয়েছি। যাঁদের নামে অভিযোগ করা হয়েছিল, তাঁদের পুলিশ গ্রেফতার করেছে। কেউ কেউ বসিরহাট হয়ে বাংলাদেশ সীমান্তের দিকেও পালিয়ে গিয়েছিল। তাঁদেরও গ্রেফতার করা হয়েছে। বারুইপুর জেলা পুলিশ ভালো কাজ করেছে।’
মুখ্যমন্ত্রীর বারুইপুর সফরের কয়েক ঘণ্টার মধ্যেই তদন্তকারী অফিসার পরিবর্তনের সিদ্ধান্ত সামনে আসে। নতুন তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে মামলার তদন্ত আরও দ্রুত এগোবে বলেই আশা করছে পুলিশ।
