36 C
Kolkata
May 26, 2026
টিভি-ও-সিনেমা

অনন্যা পাণ্ডের নাচ নিয়ে তোপ সোনাল মানসিংহের, ‘চাঁদ মেরা দিল’ ঘিরে বিতর্ক তুঙ্গে

মুম্বই: মুক্তির পর থেকেই বিতর্কে জড়িয়েছে অনন্যা পাণ্ডে অভিনীত ছবি ‘চাঁদ মেরা দিল’। ছবির একটি ভারতনাট্যম-প্রভাবিত নাচের দৃশ্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। এবার সেই বিতর্কে সরব হলেন পদ্মবিভূষণ প্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী সোনাল মানসিংহ। তিনি অনন্যার পারফরম্যান্সকে “অ্যাবসোলিউট ট্র্যাশ” বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

২২ মে মুক্তি পাওয়া এই রোম্যান্টিক ড্রামায় অনন্যা অভিনয় করেছেন ‘চাঁদনী’ চরিত্রে, যিনি একজন ভারতনাট্যম অনুশীলনকারীর মেয়ে। ছবির একটি দৃশ্যে তাঁকে ভারতনাট্যমের সঙ্গে আধুনিক হিপ-হপ ও লকিং স্টাইল মিশিয়ে ফিউশন নাচ করতে দেখা যায়। সেই দৃশ্যই দ্রুত ভাইরাল হয়ে পড়ে সমাজমাধ্যমে।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশের অভিযোগ, ভারতনাট্যমের মতো শাস্ত্রীয় নৃত্যকলাকে বিকৃত করা হয়েছে। অনেকে আবার অনন্যার অভিব্যক্তি ও নাচের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সোনাল মানসিংহ বলেন, “আমি একে পারফরম্যান্সই বলব না। যদি বলা হয় সোনাল মানসিংহও পারফর্ম করেন আর অনন্যা পাণ্ডেও পারফর্ম করেন, তাহলে সেটা এক হতে পারে না।”

তিনি আরও বলেন, “এটা সম্পূর্ণ আবর্জনা। এই ধরনের জিনিস হওয়া উচিত নয়। আর যদি এটা ভারতনাট্যম না হয়, তাহলে সেই পোশাক পরে কেন? যা খুশি করতে চাইলে অন্য কিছু পরুন।”

‘ফিউশন’ নাচের ব্যাখ্যাতেও সন্তুষ্ট নন সোনাল। তাঁর মতে, “ফিউশন বললেই সব গ্রহণযোগ্য হয়ে যায় না। ভারতনাট্যমের নিজস্ব ঐতিহ্য ও ব্যাকরণ রয়েছে।”

প্রসঙ্গত, বিশিষ্ট নৃত্যশিল্পী অনিতা রত্নমও এই পারফরম্যান্সের সমালোচনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভিডিয়োটি দেখে মনে হয়েছে ভারতনাট্যম যেন ভুল ব্যাখ্যার হাতে বন্দি হয়ে পড়েছে।”

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষও কম হয়নি। এক ব্যবহারকারী লেখেন, “খ্রিস্টপূর্ব ২০০ সালে ভারতনাট্যমের জন্ম হয়েছিল, আর ২০২৬ সালে অনন্যা পাণ্ডের হাত ধরে তার সমাপ্তি হল।”

যদিও বিতর্কের মধ্যেও ছবিটি দর্শকদের মধ্যে যথেষ্ট আলোচনা তৈরি করেছে। এখনও পর্যন্ত অনন্যা পাণ্ডে বা ছবির নির্মাতারা এই সমালোচনার কোনও প্রকাশ্য জবাব দেননি।

Related posts

Leave a Comment