সংবাদ কলকাতা: লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়, জাতপাত এবং নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোটের হিসাব বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রার্থী দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। তবে প্রস্তাবিত ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস ঘিরে সেই পুরনো নির্বাচনী সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। শাসকদলের দাবি, নতুন করে কেন্দ্রের সীমানা নির্ধারিত হলে ধর্মীয় ও জাতপাতের ভিত্তিতে ভোটের হিসাব অনেকটাই বদলে যেতে পারে।
বিজেপি সূত্রের দাবি, প্রস্তাবিত বিল কার্যকর হলে পশ্চিমবঙ্গে লোকসভা কেন্দ্রের সংখ্যা ৪২ থেকে বেড়ে ৬৩ হতে পারে। একই সঙ্গে বিধানসভা কেন্দ্রগুলিরও সীমানা পুনর্বিন্যাস করা হবে। ফলে প্রতিটি কেন্দ্রের ভোটার সংখ্যা, বুথের সংখ্যা এবং ভৌগোলিক পরিসরেও পরিবর্তন আসবে। সরকারের যুক্তি, ছোট নির্বাচনী কেন্দ্র হলে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রস্তাবিত ১৩২তম সংবিধান সংশোধনী বিল অনুযায়ী, পশ্চিমবঙ্গে লোকসভা আসন ৬৩টি হলে তার মধ্যে ২১টি মহিলাদের জন্য সংরক্ষিত হতে পারে। পাশাপাশি রাজ্যের বিধানসভা আসন ২৯৪ থেকে বেড়ে ৪৪১ হওয়ার প্রস্তাব রয়েছে। ১৯৯৬ সাল থেকে ঝুলে থাকা মহিলা সংরক্ষণ কার্যকর হলে রাজ্যের আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য ভাবে বাড়বে বলে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
স্বাধীনতার পর থেকে বাংলার একাধিক লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটারদের প্রভাব ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি বসিরহাট এবং উলুবেড়িয়ায় প্রার্থী বাছাইয়ের সময় ধর্মীয় সমীকরণকে গুরুত্ব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বামফ্রন্টও ভোটের অঙ্ক মাথায় রেখে উলুবেড়িয়ায় হান্নান মোল্লা কিংবা মুর্শিদাবাদে মইনুল হকের মতো নেতাদের প্রার্থী করেছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মহম্মদ সেলিম। যদিও তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
তবে সব ক্ষেত্রেই যে ধর্মীয় সমীকরণই জয়-পরাজয় নির্ধারণ করেছে, এমন নয়। বহরমপুরে অধীর চৌধুরী এবং রায়গঞ্জে প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো নেতারা নিজেদের রাজনৈতিক জনভিত্তির উপর নির্ভর করে নির্বাচনী সাফল্য পেয়েছেন। মালদহে গনি খান চৌধুরী এবং তাঁর পরিবারের সদস্যদের রাজনৈতিক সাফল্যের পিছনেও উন্নয়নমূলক কাজের পাশাপাশি সংখ্যালঘু ভোটের ভূমিকা ছিল বলে বিভিন্ন রাজনৈতিক মহলের মত।
একই ভাবে বনগাঁ ও রানাঘাটের মতো কেন্দ্রে মতুয়া ভোটারদের গুরুত্ব বিবেচনা করে প্রার্থী দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। উদ্বাস্তু অধ্যুষিত এলাকাগুলিতে পূর্ববঙ্গ থেকে আসা মানুষের ভোটের হিসাবও প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বারাকপুরে বিহার থেকে আসা শ্রমিকদের ভোট দীর্ঘদিন ধরে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির অর্জুন সিংকে হারিয়ে জয়ী হন তৃণমূলের পার্থ ভৌমিক। অন্য দিকে, জঙ্গলমহলের আসনগুলিতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব ও সমর্থনকে গুরুত্ব দিয়েছে রাজনৈতিক দলগুলি।
এর আগে ১৯৭২ সালের পর ২০০৫ সালে চতুর্থ দফায় লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস হয়েছিল। সেই সময় অবশ্য আসন সংখ্যা বাড়ানো হয়নি। মূলত ভোটার সংখ্যার ভিত্তিতে কেন্দ্রগুলির সীমানা পরিবর্তন করা হয়েছিল। বারুইপুর ও সোনারপুরের মতো বড় এলাকার ভোটার সংখ্যা বেশি থাকায় সেগুলিকে ভাগ করে নতুন বিধানসভা কেন্দ্র তৈরি করা হয়। অন্য দিকে, শিয়ালদহ, বড়বাজার এবং বেলগাছিয়া-পূর্বের মতো ছোট কেন্দ্র বিলুপ্ত হয়। তখন রাজ্যে প্রতি লোকসভা কেন্দ্রে গড়ে সাতটি বিধানসভা কেন্দ্র এবং প্রায় ১৫ লক্ষ ভোটার ছিলেন।

এ বার প্রস্তাবিত পুনর্বিন্যাসে প্রতি লোকসভা কেন্দ্রে প্রায় সাত লক্ষ ভোটার রাখার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। সেই অনুযায়ী বিধানসভা কেন্দ্রগুলির আয়তন, ভোটার সংখ্যা এবং বুথের সংখ্যাও কমতে পারে। তবে নতুন সীমানা নির্ধারণের ক্ষেত্রে ঠিক কী পদ্ধতি নেওয়া হবে, তা নিয়ে এখনও রাজনৈতিক বিতর্ক রয়েছে।
২০০৫ সালের পুনর্বিন্যাস প্রক্রিয়াতেও তীব্র রাজনৈতিক বিরোধ দেখা গিয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি কুলদীপ সিংয়ের নেতৃত্বে গঠিত কমিশনে কংগ্রেসের প্রতিনিধি ছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি এবং বামেদের প্রতিনিধি ছিলেন রবীন দেব। কলকাতার মহাজাতি সদন ছাড়াও দুর্গাপুর ও শিলিগুড়িতে জনশুনানির আয়োজন করা হয়েছিল। ২০০৫ সালের ৮ সেপ্টেম্বর কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনার কেন্দ্রগুলি নিয়ে মহাজাতি সদনে শুনানির সময় ব্যাপক বিক্ষোভ হয়। তৃণমূলের নেত্রী সোনালি গুহর নেতৃত্বে বিক্ষোভের জেরে শুনানি স্থগিত রেখে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হন কমিশনের চেয়ারম্যান কুলদীপ সিং।
এ বারও ডিলিমিটেশন নিয়ে বিরোধীদের আপত্তি রয়েছে। প্রাক্তন বিধায়ক রবীন দেবের অভিযোগ, বিজেপি রাজনৈতিক স্বার্থে আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তাঁর বক্তব্য, ‘কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস থেকে যা দেখছি, বিজেপি কোথাও জনশুনানি করছে না। ক্ষমতায় টিকে থাকতে বিজেপি আসন বৃদ্ধি করছে, মানুষের কী লাভ হবে তা জানা নেই।’
একই ভাবে আপত্তি জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর অভিযোগ, ‘শুধুই ভোটের কথা ভাবছে। আইন বা জনগণ, কারও কথা ভাবছে না বিজেপি।’
সব মিলিয়ে প্রস্তাবিত ডিলিমিটেশন কার্যকর হলে বাংলার নির্বাচনী মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। তবে নতুন কেন্দ্রগুলির সীমানা কী ভাবে নির্ধারিত হবে এবং তার ফলে বিভিন্ন জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্বে কতটা পরিবর্তন আসবে, তা নির্ভর করবে চূড়ান্ত প্রক্রিয়ার উপর। ধর্মীয় ও জাতপাতের সমীকরণের গুরুত্ব সত্যিই কমবে কি না, সেই প্রশ্নের উত্তরও মিলবে নতুন নির্বাচনী মানচিত্র প্রকাশের পর।
