দিল্লি— লোকসভা ও বিধানসভায় আসন সংখ্যা বৃদ্ধি এবং মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে সংশোধিত ডিলিমিটেশন বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শনিবার মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শরিক দলগুলি। তাদের বক্তব্য, এই পদক্ষেপ দেশের আইনসভায় প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণের পথ আরও প্রশস্ত করবে।
কেন্দ্রের লক্ষ্য, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ কার্যকর করা। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। সেই অধিবেশনেই সংশোধিত ডিলিমিটেশন বিল পেশ করা হতে পারে। প্রস্তাব অনুযায়ী, লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় আসন সংখ্যা বর্তমানের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এনডিএ নেতাদের দাবি, এই পরিবর্তনের ফলে জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনসভায় প্রতিনিধিত্বের সুযোগ বাড়বে।
২০২৯-এর আগেই মহিলা সংরক্ষণ কার্যকরের দাবি
কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর নেতৃত্বেই সংসদে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ পাশ হয়েছিল। ওই আইনে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সংশোধিত ডিলিমিটেশন বিল অনুমোদনের ফলে সেই সংরক্ষণ কার্যকর করার প্রক্রিয়া আরও এগোল বলে তাঁর দাবি।
ব্রজেশের আশা, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ বাস্তবায়িত হবে। তাঁর মতে, দীর্ঘদিন ধরে মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর যে দাবি রয়েছে, এই উদ্যোগ তার বাস্তবায়নের পথ তৈরি করবে।
উত্তরপ্রদেশের আর এক উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, আসন সংখ্যা বাড়লে আরও বেশি মানুষের সংসদে পৌঁছনোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে উত্তরপ্রদেশে অতিরিক্ত ৪০ জন সাংসদ নির্বাচিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি।
মৌর্যের মতে, মহিলাদের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। সুযোগ পেলে তাঁরা পুরুষদের সঙ্গে সমানতালে কাজ করতে পারেন। সংসদ ও বিধানসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর হলে আইনসভাগুলির কাজের পরিসর ও প্রতিনিধিত্ব আরও সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পক্ষে জেডিইউ
ডিলিমিটেশন প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা। তাঁর বক্তব্য, দেশে শেষ বার ডিলিমিটেশন হয়েছিল ১৯৭১-৭২ সালে। তার পর পাঁচ দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। এই সময়ে দেশের জনসংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। ফলে বহু নির্বাচনী কেন্দ্রে ভোটারের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিনিধিত্বের ভারসাম্যেও পরিবর্তন এসেছে।
সঞ্জয় ঝার মতে, দীর্ঘদিন ডিলিমিটেশন না হওয়ায় অনেক কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারকে সামলাতে হচ্ছে জনপ্রতিনিধিদের। তাই নতুন করে নির্বাচনী কেন্দ্রের সীমানা নির্ধারণ এবং আসন সংখ্যা বাড়ানো প্রয়োজন। প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বৃদ্ধির প্রস্তাবকে তিনি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন।
তাঁর বক্তব্য, মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের আইন ইতিমধ্যেই সংসদে পাশ হয়েছে। এবার তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। জেডিইউ-র জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জনও কেন্দ্রের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, অতীতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে দাবি তাঁর।
previous post
